২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ফান্ড: চার হাজার আবেদনের ৯০% অযোগ্য

জলবায়ু ট্রাস্ট ফান্ডে নয় প্রকল্প অনুমোদনের খবর জানিয়ে পরিবেশ প্রতিমন্ত্রী বলেছেন, পৌণে চার হাজার আবেদনের মাত্র ১০ শতাংশ শর্ত পূরণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 02:49 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু ট্রাস্ট ফান্ডে নয় প্রকল্প অনুমোদনের খবর জানিয়ে পরিবেশ প্রতিমন্ত্রী বলেছেন, পৌণে চার হাজার আবেদনের মাত্র ১০ শতাংশ শর্ত পূরণ করেছে। সোমবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সভায় ৪৬ কোটি ৫০ লাখ টাকার নয়টি প্রকল্প অনুমোদন হয়। সভা শেষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এতথ্য জানান। তার সভাপতিত্বে ওই সভা হয়। মন্ত্রী জানান, ১১টি প্রকল্প থেকে ওই প্রকল্পগুলো অনুমোদন করা হয়েছে। বাকি দু'টি প্রকল্প পুনর্বিবেচনার জন্য বলা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বৃত্তির মাধ্যমে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুরও সিদ্ধান্ত হয় সভায়। দুই বছরের এমফিল'র জন্য মাসিক সাত হাজার টাকা এবং চার বছরের পিএইচডি'র জন্য মাসিক ১০ হাজার টাকা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। বেসরকারি প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে তা বাস্তবায়নে যাদের অবকাঠামোগত এবং ব্যবহারিক কাজ আছে তাদের প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি। "প্রায় পৌনে চার হাজার প্রকল্পের আবেদন জমা পড়েছে। তবে, এগুলোর মাত্র ১০ শতাংশ শর্ত পূরণ করতে পেরেছে," জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, "যেসব বেসরকারি সংস্থা শুধু সেমিনার, ওয়ার্কশপ করে সচেতনতা তৈরির কাজ করে তাদের আবেদন বিবেচনা করা হবে না।" এসব প্রতিষ্ঠানের বোধোদয় হওয়া উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী। শুধু সচেতনতা সৃষ্টির কর্মশলা না করে ব্যবহারিক কাজের মাধ্যমে সচেতনতার নেটওয়ার্ক গড়ে তোলার পরামর্শ দেন তিনি। সভায় অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. খলিকুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে দেশের ১০টি উপজেলা সদরে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনেরও সিদ্ধান্ত হয় সভায়। একটি পরীক্ষামূলক প্রকল্পের অধীনে এ প্যানেল স্থাপনে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই প্যানেল থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে সরকারি কার্যালয় এবং রাস্তাঘাটে বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৪৬ ঘ.