২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার অভিযোগ হাফিজের, শান্ত থাকার আহ্বান শাওনের

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সোমবার আওয়ামী লীগ ও বিএনপি সংবাদ সম্মেলন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 02:08 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ভোলা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সোমবার আওয়ামী লীগ ও বিএনপি সংবাদ সম্মেলন করেছে। পরাজিত বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, তার নেতাকর্মীদের ওপর হামলা শুরু হয়ে গেছে। বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তার নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী বুধবার পর্যন্ত র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। ভোলা-৩ আসনে শনিবার উপনির্বাচন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। লালমোহনের বাসায় বিএনপি প্রার্থী হাফিজ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নির্বাচন শেষ হলেও আতঙ্ক কাটেনি বিএনপি সমর্থক ও নেতাকর্মীদের। প্রতিপক্ষের হামলার আশঙ্কায় অনেকেই নিজের বাড়িতে অবস্থান করতে সাহস পাচ্ছে না। নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে তিনি আবারো ফলাফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুই কমিশনারের পদত্যাগ দাবি করেন। হাফিজ বলেন, ভোটের দিন তার ভোটারদের নিরাপত্তা থাকবে না- এ আশঙ্কা থেকেই তিনি সেনা মোতায়েনের দাবি করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন সরকারের ইঙ্গিতে সেনা মোতায়েন করেনি। এই সুযোগে আওয়ামী লীগ কর্মীরা অধিকাংশ ভোট কেন্দ্র দখল করে তাদের প্রার্থীকে জিতিয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো দাবি করেন, ৩৭টি কেন্দ্রে তার এজেন্ট ছিলো না। কেন ওই সব কেন্দ্রে এজেন্ট ছিল না নির্বাচন কমিশন সেটা তদন্তের প্রয়োজনীয়তাই মনে করেনি। অপরদিকে, আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনের বাসায় তার প্রধান নির্বাচন সমন্বয়ক তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, লালমোহনের নির্বাচন নিয়ে বিএনপিকে রাজনৈতিক ইস্যু করতে দেওয়া হবে না। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন, বিএনপির উচিত এ ফলাফল মেনে নেওয়া। তোফায়েল বলেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার পর লালমোহন-তজুমদ্দিনে 'বিভিষীকাময়' পরিস্থিতির সৃষ্টি করেছিলো। কিন্ত আওয়ামী লীগ এবার কোনো অবস্থাতেই তা হতে দেবে না। শাওন বলেন, বিগত দিনে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে তাদের মধ্যে ক্ষোভ থাকতেই পারে। কিন্তু তারা কোনো অবস্থাতেই ক্ষোভের প্রকাশ ঘটতে দেবেন না। র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য অতিরিক্ত র‌্যাব, পুলিশসহ যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আগামী বুধবার পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.