২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা মার্কেটে সোনার দোকানে চুরি

মিরপুরে একটি সোনার দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 03:15 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরে একটি সোনার দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি হয়েছে। শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। মিরপুর-১ ওভারব্রিজের কাছে মুক্তিযোদ্ধা মার্কেটের নিচতলার দেওয়ান জুয়েলারীতে এ ঘটনা ঘটে। দোকান থেকে ৭৮৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা চুরি হয় বলে মালিক দাবি করেছেন। পাশের দোকানের শাটারের তালা ভেঙ্গে দুই দোকানের মাঝের দেয়াল ফুটো করে চোরেরা দোকানেটিতে প্রবেশ করে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। দোকানের মালিক তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, "শনিবার রাত সাড়ে ৮টার দিকে জুয়েলারী দোকান বন্ধ করে আমরা সবাই চলে যাই। সকালে ব্যবস্থাপক ও আরো কয়েকজন কর্মচারী দোকান খুলে মেঝেতে জিনিসপত্র ছড়ানো দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।" তিনি জানান, শনিবার রাতে দোকান বন্ধ করার সময় সেখানে ৯৬৬ ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে ৩ লাখ টাকা ছিল। দোকানের ব্যবস্থাপক মো. শাহ আলম সিদ্দিক জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোকানে ঢুকেই মালামাল ছড়ানো ছিটানো দেখা যায়। চুরি হয়েছে সন্দেহে তিনি দ্রুত মালিককে খবর দেন। ওই সময় তার সঙ্গে আরো তিন কর্মচারী ছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায়, দেওয়ান জুয়েলারী ও পেছনের জ্যোতি কসমেটিকস অ্যান্ড ইমিটেশন জুয়েলার্স এর মাঝের দেয়াল ভাঙ্গা। জ্যোতি জুয়েলার্সের মালিক মীর কায়সার মোক্তাদির বলেন, "শনিবার রাত ৮টায় দোকান বন্ধ করে চলে যাই। দোকানের দুটি শাটারে দুটি করে চারটা তালা লাগানো ছিল। কিন্তু আজ সকালে এস দেখা যায় একটি শাটারের দুটি তালা বদলে গেছে।" শাহ আলী থানার ওসি আবদুল লতিফের ধারণা, চোররা সম্ভবত জ্যোতি জুয়েলার্সের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে দেয়াল ফুটো করে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মাত্র দেড় মাস আগে দিনদুপুরে এই মার্কেটের সানন্দা জুয়েলার্স নামের অপর একটি প্রতিষ্ঠানে ডাকাতি হয়। ডাকাতরা কয়েকশ' ভরি স্বর্ণালঙ্কার লুট করলেও পুলিশ সেগুলো উদ্ধার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২১০৯ ঘ.