২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেনা: ভুটানের সঙ্গে এখনো আলোচনা শুরু হয়নি

ভুটান থেকে বিদ্যুৎ কিনবে ভাবছে বাংলাদেশ। তবে এ বিষয়ে দেশটির সঙ্গে এখনো আলোচনা শুরু হয়নি। থিম্পু থেকে জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 02:47 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

কামরান রেজা চৌধুরী কূটনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থিম্পু, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুটান থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ কেনার কার্যকর আলোচনা এখনো শুরু হয়নি বলে জানিয়েছেন ভুটানের পররাষ্ট্র সচিব। গত বছর নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরের সময় এ বিষয়ে আলোচনা শুরু হয় বলে সফরের পর ঢাকায় গণমাধ্যমকর্মীদের জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ভুটান ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উপাদন করতে সক্ষম বলে গবেষণায় দেখা গেছে। ভুটানের পররাষ্ট্র সচিব দাও পেনজো শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০২০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে ইতিমধ্যে ভারতের সঙ্গে একমত হয়েছে ভুটান। সচিব বলেন, "জলবিদ্যুৎ রপ্তানি বিষয়ে মূলত ভারতের সঙ্গে চুক্তি হয়েছে।" অর্থনীতিবিদদের মতে, ভুটানের রপ্তানি আয় বছরে ১০ কোটি ডলার যার ৯০ শতাংশই আসে ভারতে জলবিদ্যুৎ রপ্তানির মাধ্যমে। পেনজো বলেন, "আরো কয়েকটি দেশের সঙ্গে আমাদের জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। অস্ট্রিয়ার সঙ্গে আমরা একটি প্রকল্প করেছি।" "বাংলাদেশের সঙ্গে এ ধরনের প্রকল্প বিষয়ে কোন আলোচনা হচ্ছে না," বলেন পেনজো। তিনি জানান, এ পর্যন্ত ভারতে মাত্র দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করেছে ভুটান। ভুটান থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির যে কোন পরিকল্পনায় ভারতের সম্মতির বিষয়টি যুক্ত থাকবে। কেননা বিদ্যুৎ আমদানি করতে হলে বাংলাদেশকে ভারতের ভেতর দিয়ে ৩৪ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করতে হবে। ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে ইতিমধ্যে দুদেশের মধ্যে সঞ্চালন লাইন স্থাপন শুরু করেছে ভারত-বাংলাদেশ। ভারতের বদলে বাংলাদেশের বন্দর ব্যবহার করে ভুটানের আমদানি-রপ্তানি বাণিজ্য চালানো বিষয়ে সচিব পেনজো বলেন, "এই বিষয়গুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।" ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বন্দর দিয়ে তৃতীয় কোন দেশে পণ্য রপ্তানিতে ভুটান সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন সচিব। গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেশটিকে তার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সংযুক্ত হতে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট দিতে রাজি হয় বাংলাদেশ। একইসঙ্গে ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতিও দেওয়া হবে বলে জানায় বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের পক্ষ থেকে একটি বড় ধরনের ছাড়। বিনিময়ে ভুটান ও নেপালকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে দেওয়ার সুযোগ দিতে রাজি হয় ভারত। তবে শেখ হাসিনার ওই সফরের সময় বাংলাদেশ-ভারত যে যুক্ত বিবৃতি দেয় তাতে বাংলাদেশের বন্দর ব্যবহার করে ভুটান-নেপাল তৃতীয় কোন দেশে পণ্য রপ্তানি করতে পারবে কি না তা স্পষ্ট করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/পিডি/২০৪২ ঘ.