২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িভাড়া আইন কার্যকরে রিট আবেদন

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন এবং এক্ষেত্রে সিটি কর্পোরেশন নির্ধারিত ভাড়া কার্যকরের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 10:54 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন এবং এক্ষেত্রে সিটি কর্পোরেশন নির্ধারিত ভাড়া কার্যকরের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। বিচারপতি মো. মমতাজ উদ্দীন আহমেদ ও বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চে রোববার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আবেদনটি দায়ের করে। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জাতীয় সংসদ সচিব, আইন সচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে প্রতিপক্ষ করা হয়েছে। রিট আবেদনকারী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রিট আবেদনটির ওপর শুনানি হবে। আবেদনে বলা হয়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রশিদ, বাড়ি ছাড়ার নোটিশ দেওয়াসহ বিভিন্ন বিধান রয়েছে। "কিন্তু অনেক বাড়িওয়ালা আইন ভেঙে ইচ্ছামতো ভাড়া বাড়ান, যখন-তখন বাড়ি ছাড়ার নোটিশ দেন। তারা ভাড়াটেদের বাড়ি ভাড়ার রশিদ দেন না।" ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারে ভাড়া আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও আবেদনে বলা হয়। রিট আবেদনে ঢাকা সিটি করাপোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীনে এ বিষয়ে বিধি প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয়েছে। গত ১৫ এপ্রিল বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন এবং এক্ষেত্রে সিটি কর্পোরেশন নির্ধারিত ভাড়া কার্যকর করতে সরকারকে একটি উকিল নোটিশ দেয় রিট আবেদনকারী এ সংগঠন। কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এর হিসাব অনুযায়ী, ঢাকায় বাড়িভাড়া ২০০৩ সালে ৮ দশমিক ৪, ২০০৪ সালে ৯ দশমিক ৯৬, ২০০৫ সালে ৭ দশমিক ৮৯, ২০০৬ সালে ১৪ দশমিক ১৪ এবং ২০০৭ সালে ২১ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/এমআই/১৬৫০ ঘ.