২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় তিনজন খুন

সাভার ও খুলনায় শনিবার দুইজন খুন হয়েছে। একইদিন মুন্সীগঞ্জে একজনের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 04:13 PM

Updated : 24 Aug 2022, 08:46 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ও খুলনায় শনিবার দুইজন খুন হয়েছে। একইদিন মুন্সীগঞ্জে একজনের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে সাভার পৌর এলাকায় মো. মাসুদকে (৩০) পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। খুলনা নগরীতে ছেলের হাতে খুন হন মো. শহীদুল্লাহ (৭২)। মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশ উদ্ধার করেছে এক তরুণীর জবাই করা লাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- সাভার: পৌর এলাকার সবুজবাগ মহল্লায় নিহত মাসুদের ভাই জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হাসান নামে এক যুবক মাসুদকে ব্যাংক কলোনি রাস্তায় ডেকে নিয়ে যায়। সেখানে অপেক্ষমান জাকির, শাহ আলী, খোকন, আনোয়ারসহ কয়েকজন তাকে মারধর এবং ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাসুদ সাভার বাজার বাসস্ট্যান্ডে টিকিট কাউন্টারে কাজ করতেন বলে জিল্লুর জানায়। সাভার থানার ওসি একেএম নাসির উল্লাহ বলেন, "মাসুদ হিরোইন সেবনকারী ছিলো স্থানীয় জনতা তাকে পিটিয়ে হত্যা করেছে।" এ ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি নাসির। খুলনা- পারিবারিক কলহের জের ধরে মহানগরীর হাজী মহসিন রোডে ভোরে শহীদুল্লাহকে তার ছেলে বদরুল হাসান (৩০) খুন করেছে বলে পুলিশ জানায়। খুলনা সদর থানার উপ-পরিদর্শক মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসার জন্য কিছুদিন আগে বদরুল টাকা চায় তার বাবার শহীদুল্লাহর কাছে। তিনি টাকা না দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে ভোরে শহীদুল্লাহকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে হাসান। এর আগেও একবার শহীদুল্লাহকে তার এই ছেলে হত্যার চেষ্টা করে বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হাসান পলাতক রয়েছে। মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও গ্রামে সকালে পুলিশ এক তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে। শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, সেলোয়ার কামিজ পরা অজ্ঞাত পরিচয়ের ওই তরুণীকে জবাই করে ও পেটে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ধরাণা করা হচ্ছে অন্য কোথাও খুন লাশ এখানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ লাশের পাশে পাওয়া একটি কালো রংয়ের বোরকা জব্দ করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২০০ ঘ.