২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্কের বৈঠক শুরু

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৬তম আনুষ্ঠানিক বৈঠক শনিবার ভুটানের রাজধানীতে থিম্পুতে শুরু হয়েছে। সেখান থেকে জানাচ্ছেন কূটনৈতিক প্রতিবেদক কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 04:12 PM

Updated : 24 Aug 2022, 08:46 PM

থিম্পু, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৬তম আনুষ্ঠানিক বৈঠক শনিবার ভুটানের রাজধানীতে শুরু হয়েছে। আগামী ২৮-২৯ এপ্রিল অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে আলোচনার বিষয় ঠিক করতে সার্কভুক্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রী লংকা ও আফগানিস্তানের কর্মকর্তারা বৈঠকে বসেছেন। কর্মকর্তারা বলছেন, কর্মসূচি নির্ধারণ কমিটির এই কর্মকর্তারা পরিবেশ এবং বাণিজ্য বিষয়ক দুটি চুক্তির বিষয়ে আলোচনা করছে। শীর্ষ বৈঠকে চুক্তি দু'টি স্বাক্ষরিত হবে। এছাড়া, সার্কভুক্ত দেশগুলোর দারিদ্র বিমোচনের ওপরও আলোচনা হতে পারে। কমিটির প্রস্তাবনা ২৫-২৬ এপ্রিল অনুষ্ঠেয় সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবদের নিয়ে গঠিত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তোলা হবে। স্ট্যান্ডিং কমিটির প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত সার্ক 'মন্ত্রিপরিষদে'র ২৭ এপ্রিলের বৈঠকে আলোচনা করে শীর্ষ বৈঠকের সূচি চূড়ান্ত করা হবে। শীর্ষ সম্মেলনে সার্ক নেতারা সার্কের ঘোষণা অনুমোদন করবেন। কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, এবারের ঘোষণার মূল উপজীব্য হতে পারে জলবায়ু পরিবর্তন। এদিকে সম্মেলনকে ঘিরে থিম্পুতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের কারণে শীর্ষ সম্মেলনস্থল গ্রান্ড এসেম্বলি হলে সব সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। স্বাগতিকদের বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা পালা দর্জি সাংবাদিকদের বলেন, "কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সব সাংবাদিকদের সম্মেলন কেন্দ্রের ভেতর প্রবেশ করতে দিতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এলএন/পিডি/২২০৩ ঘ.