নওগাঁ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে শনিবার সন্ধ্যায় নওগাঁয় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দা উপজেলায়। এছাড়া অন্য উপজেলায়ও ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে সঠিক পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে প্রশাসন জানায়।
বিভিন্ন স্থানে দেওয়াল ও গাছচাপায় আহত হয়েছে অন্তত ১০ জন।
এছাড়া নওগাঁ সদর, রাণীনগর, আত্রাই, মান্দা, নিয়ামতপুর ও পোরশা উপজেলার শত শত ঘরবাড়ির চালা উড়ে যায়। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। পাকা ও আধা পাকা ইরি বোরো ধানসহ মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ছয়জনের নাম জানা গেছে। এরা হলেন মান্দা উপজেলার পরানপুর গ্রামের জাহানারা (২৮), সাহাপুর গ্রামের উৎপল (২০), বিজয়পুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২), খুদিয়াডাঙ্গা গ্রামের রাম প্রসাদ (৪২), নিয়ামতপুর উপজেলার ছাতরা গ্রামের বেলাল হোসেন (৩০) ও আব্দুর রাজ্জাক (২৮)।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো- ভারসো, পরানপুর, মান্দা, কুসুম্বা, নুরুল্লাবাদ, কসব, প্রসাদপুর, গণেশপুর, তেঁতুলিয়া ও কালিকাপুর।
ক্ষতিগ্রস্ত গ্রামের মধ্যে রয়েছে গোপালপুর, মান্দা সদর, নবগ্রাম, পীরপালি, সাহাপুর, কুসুম্বা সদর, বড়পই, গাইহানা, শামুকখোল, নুরুল্লাবাদ সদর, চৌডাঙ্গি, কালিগ্রাম, কসব সদর, পাজরভাঙ্গা, বনকুরা, চকবালু, প্রসাদপুর সদর, এলেঙ্গা, পুদিয়াডাঙ্গা ও দেলুয়াবাড়ি।
সাহাপুর বিএ উচ্চ বিদ্যালয় ও পীরপালি এবতেদায়ি মাদরাসাও লণ্ডভণ্ড হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্সী মনিরুজ্জামান মিয়া জানান, সন্ধ্যা ৬টা থেকে আধঘণ্টাব্যাপী ঝড়ো হাওয়ায় মান্দায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাফফর আহমেদ নওগাঁয় ঝড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করে বলেন, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৭ ঘ.
bdnews24