ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপ পরিদর্শক (এসআই) গৌতম রায়ের হত্যাকারীর নাম বলেছেন গ্রেপ্তার আহমেদ আলী হায়দার।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকারী হিসেবে নিজের সঙ্গী জাকিরের নাম বলেন হায়দার।
আদালত পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক শাখাওয়াত হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার সঙ্গী জাকিরের গুলিতে গৌতম রায় নিহত হন বলে হাকিমের কাছে স্বীকার করেছেন হায়দার। এসময় তিনি জাকিরের সঙ্গে ছিলেন।
শুক্রবার রাতে সূত্রাপুরের ভজহরি সাহা স্ট্রিট থেকে পেশাদার ছিনতাইকারী ও চাঁদাবাজ হায়দারকে গ্রেফতার করা হয়। জাকির এখনো গ্রেপ্তার হননি।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম সৈয়দা মিনহাজ উম মুনীরার খাসকামরায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হায়দার।
জবানবন্দিতে হায়দার আর কী বলেছেন সে বিষয়ে কিছু বলতে সম্মত হননি উপপরিদর্শক শাখাওয়াত।
জবানবন্দি শেষে হায়দারকে কারাগারে পাঠানো হয়।
গত ২০ এপ্রিল রাত আড়াইটার দিকে ধোলাইখাল সড়কে গৌতম রায়কে গুলি করে হত্যা করা হয়। উপপরিদর্শক পদে অপারেশন অফিসার (সাবেক সেকেন্ড অফিসার) হিসেবে তিনি বংশাল থানায় কর্মরত ছিলেন।
ধোলাইখাল সড়কে সন্দেহভাজন তিন যুবককে দেখে গৌতম গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তাদের দেহ তল্লাশি করতে গেলে এক যুবক তার সঙ্গে থাকা পিস্তল বের করে গৌতমকে গুলি করে।
সূত্রাপুর থানার ধোলাইখাল সড়কে গুলি শব্দ পেয়ে পুলিশের টহল দল সেখানে গিয়ে গৌতমকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, গৌতম মারা গেছেন।
এদিকে শনিবার বেলা সাড়ে ১২টায় হায়দারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে হাজির করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কাশেম সাংবাদিকদের গৌতম রায় হত্যার ঘটনার বিবরণ দেন।
হায়দার সাংবাদিকদের জানান, ঘটনার কিছুক্ষণ আগে স্থানীয় সন্ত্রাসী কাইলা জাকির ও মানিক তাদের সঙ্গে তাকে যেতে বলেন।
কেন কোথায় যাবেন তা তাকে জানানো হয়নি দাবি করে হায়দার বলেন, "ঘটনার সময় পুলিশ কর্মকর্তা গৌতম মানিককে থামিয়ে তল্লাশি শুরু করলে সে পিস্তল বের করে গুলি চালায়।" গুলি চালানোর সময় তিনি দৌড়ে পালিয়ে যান বলে দাবি করেন হায়দার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএইচএ/পিবি/পিডি/২০০৩ ঘ.
bdnews24