২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে সন্দেহভাজন চোরের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 12:51 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

গাইবান্ধা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্লাপুরে সন্দেহভাজন চোরের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত সিরাজুল ইসলাম (২৮) রংপুরের পীরগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের সামছুল হকের ছেলে। শুক্রবার রাতে সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সাদুল্লাপুর থানায় মামলা হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই সপ্তাহ আগে রংপুরের পীরগঞ্জ উপজেলার উজিরপুর থেকে একটি পাওয়ার টিলার চুরি হয়। এলাকাবাসীর সন্দেহ এই চুরির সঙ্গে একই উপজেলার বড়ঘোলা গ্রামের মেজবাউল ইসলাম জড়িত। চুরির ঘটনার পর মেজবাউল পালিয়ে তার শ্বশুরবাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়ায় আছে সংবাদ পায় এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় উজিরপুর থেকে মাহমুদ হোসেন, ঘুটু ও সিরাজুল ইসলামসহ ৪/৫ জন সেখানে যান। পুলিশ কর্মকর্তা বলেন, রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় মেজবাউলকে দেখতে পেয়ে সিরাজুল তাকে জাপটে ধরেন। দু'জনের ধস্তাধস্তির এক পর্যায়ে সিরাজুলের বুকে ছুরি মারে মেজবাউল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সিরাজুল ইসলামের বাবা সামছুল হক বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা (নম্বর ২৩) দায়ের করেছেন। মেজবাউলকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮৩৪ ঘ.