২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বাতিলের দাবি হাফিজের

নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 11:12 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। বিএনপি সমর্থকরা ভোট দিতে পারেননি। শনিবার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ওই নির্বাচনী আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই হাফিজ এক সংবাদ সম্মেলনে নির্বাচন বাতিলের দাবি জানান। লালমোহনে নিজের বাড়িতে ওই সংবাদ সম্মেলনে হাফিজ বলেন, "নির্বাচন কমিশন, র‌্যাব, পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের নির্লজ্জ পদক্ষেপে চোখের সামনে প্রহসন মঞ্চস্থ হয়েছে।" আওয়ামী লীগ সমর্থকদের বাধার কারণে বিএনপি সমর্থকরা ভোট কেন্দ্রে যেতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। হাফিজ বলেন, বিভিন্ন স্থানে হামলায় বিএনপির ২০০ নেতা-কর্মী আহত হয়েছে। বিএনপির সহসভাপতি হাফিজ বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন। দলের যুগ্মমহাসচিব ও বিএনপি প্রার্থীর প্রচারের সমন্বয়কারী আমানউল্লাহ আমান দাবি করেছেন, তজুমদ্দিনে তার ওপরও হামলা হয়েছে। দুপুরে লালমোহনে হাফিজের বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আড়ালিয়া কেন্দ্রে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কিরণের নেতৃত্বে আওয়ামী লীগ-যুবলীগের কর্মীরা ব্যালটে সিল মারতে দেখি। "কী হচ্ছে জানতে চাইলে কিরণের নেতৃত্বে আমার ওপর হামলা হয়", বলেন আমান। এদিকে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বিকালে সাংবাদিকদের বলেন, ভোলার ৮৬টি কেন্দ্রের মধ্যে ৫৭টি থেকে হাফিজের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, "অনেক কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হয়নি। অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের অনুপস্থিতিতে একতরফাভাবে ভোট দিয়েছে সরকারি দলের কর্মীরা।" এর আগে সকালে এমকে আনোয়ারের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বিভিন্ন অভিযোগ নিয়ে ইসিতে যায়। এরপর ইসি নয়টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধের সিদ্ধান্ত নেয়। বিএনপি নানা অনিয়মের অভিযোগ করলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দাবি করেছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। ফলাফল মেনে নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বানও জানিয়েছে তারা। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে হাফিজউদ্দিন ৮৩ হাজার ১২৭ ভোট পেয়ে পরাজিত হন। বিজয়ী আওয়ামী লীগের মো. জসিমউদ্দিন পান ৯৬ হাজার ৪৮৪ ভোট। জসিমউদ্দিনের প্রার্থিতা কবাতিল হওয়ায় সেখানে উপনির্বাচন হলো। প্রার্থী পরিবর্তন আওয়ামী লীগ এবার মনোনয়ন দেয় যুবরীগ নেতা নুরুন্নবী চৌধুরী শাওনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমআই/১৭১২ ঘ.