ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ কর্মকর্তা গৌতম রায় হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তার আহমেদ আলী হায়দার (২৭) খুনের সময় ঘটনাস্থলে ছিলেন। তার সঙ্গীই গৌতমের ওপর গুলি চালায়।
গত ২০ এপ্রিল সূত্রাপুরে গুলিতে নিহত হন বংশাল থানার উপরিদর্শক গৌতম।
হায়দারকে শুক্রবার রাতে সূত্রাপুরের ভজহরি স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, হায়দার পেশাদার ছিনতাইকারী ও চাঁদাবাজ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সে রাতে গাড়ি থামিয়ে হায়দারকেই প্রথম তল্লাশি করে গৌতম। ওই সময় হায়দারের সঙ্গী জাকির পিস্তল বের করে গৌতমকে গুলি করে।"
জাকিরকে গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানান তিনি।
পলাতক শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের পরিকল্পনায় গৌতমকে হত্যা করা হয় বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়।
হায়দার ডাকাত শহীদের দলের লোক কি না- জানতে চাওয়া হলে পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, "হায়দার ডাকাত শহীদের লোক হিসেবে কাজ করতো না। তবে জাকিরকে সে (শহীদ) দলে ভেড়াতে চাচ্ছিলো বলে তথ্য মিলেছে।"
দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় ধোলাইখাল সড়কে গৌতম খুন হয় বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১২০০ ঘ.
bdnews24