২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী-শিশু পাচার রোধের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নারী-শিশু পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 03:32 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী-শিশু পাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ৪৮ সদস্যের জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের প্রথম বৈঠকে তিনি এ নির্দেশ দেন। মাদক পাচার ও মাদক ব্যবসা থেকে শিশুদের মুক্ত করতে যথাযথ উদ্যোগ নেওয়ারও আহবান জানান শেখ হাসিনা।শিশুদের ওপর যৌন নিপীড়ন বন্ধে আরো প্রচারণামূলক ব্যবস্থাসহ কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিতে বলেন তিনি। প্রধানমন্ত্রী নারী উন্নয়নে দেশের প্রতিটি উপজেলায় মহিলা পরিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার কার্যক্রম আরো জোরদারের আহবান জানান। এ প্রসঙ্গে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পথশিশুদের পুনর্বাসন ও নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। কর্মজীবী নারীদের আবাসন সমস্যা সমাধানে আরো বেশী করে হোস্টেল এবং ডে-কেয়ার সেন্টার নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। দুস্থ নারীদের সাবলম্বী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আরো বেশী করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলেন শেখ হাসিনা। বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা প্রদানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, আইন মন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সাংসদ তারানা হালিম, সৈয়দা জেবুন্নেসা ও সাধনা হালদার, শিক্ষাবিদ মমতাজ হোসেন, সাংবাদিক বেবী মওদুদ, তানিয়া বখত প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১২০ ঘ.