২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন নিলেন শওকত

মানহানির একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 06:36 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালিকের দায়ের করা এ মামলায় বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান তাকে জামিন দেন। বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য শওকত কক্সবাজারে দলের সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে 'বটতলার উকিল' বলায় মশিউর মামলাটি করেন। বাদির অভিযোগ, আইনজীবী কামরুলকে এ ধরনের সম্বোধন করায় তার মানহানি হয়েছে। গত ২৫ মার্চ এ মামলা দায়ের করা হয়। কক্সবাজারের সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে শওকতের বিরুদ্ধে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য পিকে আব্দুর রব আরেকটি মানহানির মামলা করেন গত ২৮ মার্চ। সে মামলায় জামিন চেয়েছেন প্রেসক্লাব সভাপতি। দুপুরে মহানগর হাকিম একে এম এমদাদুল হকের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১২৩০ ঘ.