শিহাবউদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধী দলের গুরুত্ব তুলে ধরে স্পিকার আবদুল হামিদ বলেছেন, সরকারের ভুল ধরতে পারে শুধু বিরোধী দল।
এ জন্য বিরোধী দলকে সংসদে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নিজেকে নিরপেক্ষ দাবি করে হামিদ বলেন, বিরোধী দলকে কথা বলার জন্য পর্যাপ্ত সুযোগ তিনি দিয়ে আসছেন; যদিও বিরোধী দলের অভিযোগ, স্পিকার তাদের কথা বলার সুযোগ দেন না।
যুক্তরাষ্ট্র সফররত স্পিকার বুধবার নিউ ইয়র্কে 'ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, "স্পিকার আব্দুল হামিদ বেঁচে থাকতে সংসদে কথা বলার সুযোগ পায় না এ অভিযোগে কেউ সংসদ বর্জনের সুযোগ নিতে পারেন না।
"আওয়ামী লীগের উপনেতা থাকা অবস্থায় তৎকালীন স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার সময়ের বরাদ্দ নিয়ে আমাকে বলেছিলেন, এক পঞ্চমাংশ সময় পাবেন। কিন্তু তাকে আমি কখনোই বলিনি, সরকার সাহেব আপনারা এক দশমাংশ সময় পাবেন। বরং সব সময়ই বিরোধী দলের কথা বলার সুযোগ নিশ্চিত করি। কারণ এটাই গণতন্ত্র।"
"এখন কেউ যদি শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সংসদ বর্জনের চেষ্টা করেন, সেখানে বলার বা করার কিছুই নেই", বলেন স্পিকার।
জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং গ্লোবাল নন রেসিডেন্ট বাংলাদেশি নামে একটি সংগঠন যৌথভাবে ওই সভা আয়োজন করে।
হামিদ বলেন, "শিক্ষা, যোগাযোগ এবং বিদ্যুৎ ক্ষেত্রে সরকার ঠিকভাবে কাজ করতে পারলে এমনিতে দেশে উন্নতি হবে। তবে সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে। অতীতেও যারা দুর্নীতি করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া কোনো মতেই উচিৎ হবে না।"
দুই বছর জরুরি অবস্থা থাকার কথা তুলে ধরে তিনি বলেন, "এ থেকেও যদি কেউ কিছু না শিখেন তার চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না।"
প্রবাসীদের ভোটার করার বিষয়ে সরকার এবং বিরোধী দল উভয়ই একমত বলে জানান হামিদ। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন কাজ করেছে।
আলোচনা সভায় সরকারি দলের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ইস্রাফিল আলম, আলী রেজা, বিরোধী দলের আব্দুল মোমিন তালুকদার উপস্থিত ছিলেন।
স্পিকার এর আগে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/১১২২ ঘ.
bdnews24