২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্রোহের বিচার শুরু

চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ আদালতে বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 04:57 AM

Updated : 24 Aug 2022, 08:45 PM

চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ আদালতে বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু হয়েছে। (আরো তথ্যসহ) প্রথম দিনে বান্দরবানের বলিপাড়ায় ১০ রাইফেলস ব্যাটালিয়ানের বিদ্রোহী ৩৫ বিডিআর জওয়ানকে অভিযুক্ত করে অভিযোগ উত্থাপন করা হয়। বলিপাড়া বিডিআর ক্যাম্পের সুবেদার সুলতান আহমেদ এ অভিযোগ উত্থাপন করেন। আদালত প্রধান বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের কাছে অভিযোগনামার কপি পৌঁছানোর আদেশ দেন। বিদ্রোহের ঘটনায় ইতিমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও সাতক্ষীরায় চারটি মামলার রায় হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মইনুল ইসলামের সভাপতিত্বে সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিডিআর ট্রেনিং সেন্টারে স্থাপিত বিশেষ আদালত-৪ এ বিচার কার্যক্রম শুরু হয়। তিনি আগামী ২৪ এপ্রিল অভিযুক্ত বিডিআর সদস্যদের আদালতে হাজির করারও নির্দেশ দেন। এরপর সকাল পৌনে ১০টায় আদালত মুলতবি ঘোষণা করেন। অভিযোগে সুলতান আহমেদ বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় বান্দরবানের বলিপাড়ায় বিডিআর ক্যাম্পের কিছু সদস্য অধিনায়ক সেনা কর্মকর্তার নির্দেশ অমান্য করে অস্ত্রাগারের তালা ভেঙ্গে অস্ত্র লুট করেন, যা ১৯৭২ সালের বিডিআর আইনের ১০ এর ১ ধারার সুষ্পষ্ট লঙ্ঘন। আদালতের কার্যক্রম শেষে সংবাদ সম্মেলনে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল রবিউল আলম বলেন, বান্দরবানের থানচি উপজেলার সীমান্তবর্তী বলিপাড়া ক্যাম্প দুর্গম এলাকা হওয়ায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে এ বিচার কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, শনিবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় বিশেষ আদালত আবার বসবে এবং ওইদিন অভিযুক্ত ৩৫ বিডিআর জওয়ানকে হাজির করা হবে। বিশেষ আদালতে বিচারক প্যানেলের অন্য সদস্যরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল আবদুর রউফ, মেজর এ জেড এম গোলাম মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজাহারুল হক আখন্দ। গত বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলিপাড়া ক্যাম্পের বিডিআর সদস্যরা বিদ্রোহ করে এবং বান্দরবান-থানচি সড়ক অবরোধ করে। এ ঘটনায় থানচি থানার ওসি বান্দরবানের বিচার বিভাগীয় হাকিম আদালতে ২৩৪ জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এ মামলায় ১১০ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে বান্দরবান কারাগারে আটক আছেন। এদের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগ উত্থাপন করা হয়েছে। একই দিন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের বিডিআর সদস্যরা বিদ্রোহ ঘোষণা করেন। তাদের বিচারও এই বিশেষ আদালতে অনুষ্ঠিত হবে। সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিদ্রোহের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করে। মামলাটি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলায় ১০০ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়। এদের একজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকা দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। হত্যাকাণ্ড ও লুটপাটের বিচার হবে প্রচলিত আইনে। বিদ্রোহ মামলার প্রথম রায় হয় গত ৭ এপ্রিল পঞ্চগড়ে। সেখানে অভিযুক্ত ২৯ বিডিআর সদস্যের সবার সাজা হয়েছে। এরপর ঠাকুরগাঁওয়ে দ্বিতীয় রায়ে একজন খালাস পান। ফেনীতে সর্বোচ্চ সাত বছর সাজা হয় চারজনের, খালাস পান পাঁচজন। সর্বশেষ গত সোমবার সাতক্ষীর ৭ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬০ সদস্যের মধ্যে ৫৬ জনের সাজা হয়। চারজন খালাস পান। সর্বোচ্চ সাজা হয় ২৪ জনের। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমসি/এজে/১৫৩৭ ঘ.