২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিঃশর্ত সনদ নবায়ন ও প্রবাসী ব্যাংকে অংশ চায় বায়রা

রিক্রুটিং এজেন্সির সনদ নবায়নের শর্ত বাতিল ও প্রবাসী কল্যাণ ব্যাংকে অংশিদারিত্বসহ ১২ দফা দাবি জানিয়েছে বায়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 01:37 PM

Updated : 24 Aug 2022, 08:42 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিক্রুটিং এজেন্সির সনদ নবায়নের শর্ত বাতিল ও প্রবাসী কল্যাণ ব্যাংকে অংশিদারিত্বসহ ১২ দফা দাবি জানিয়েছে বায়রা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জাফর আহমদ খানের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানায়। সচিবের কক্ষে বৈঠকে বায়রা সভাপতি গোলাম মুস্তাফা ও মহাসচিব কাজী মফিজুর রহমানও উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রবাসী কল্যাণ সচিব জানান, তাদের সমস্যাগুলোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পাঁচ বছরে ন্যূনতম তিনশ জনকে বিদেশে পাঠানোর শর্তে রিক্রুটিং এজেন্সির সনদ নবায়ন করা হচ্ছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান গোলাম মুস্তাফা। তিনি দাবি করেন, "এ ধরণের বাধ্যবাধকতা তুলে দেওয়া উচিৎ।" গোলাম মোস্তফা জানান, বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংকে অংশিদারিত্ব, জনশক্তি রপ্তানির সনদধারীর মৃত্যুর পর সহজ শর্তে উত্তরাধিকারীর নামে তা হস্তান্তর এবং পাঁচ লাখ টাকার জামানতের অর্থ প্রতিরক্ষা কল্যাণ সঞ্চয়পত্রে বিনিয়োগেরও দাবি জানায় বায়রা। প্রবাসীদের কল্যাণে প্রতিষ্ঠিতব্য ব্যাংকের খসড়া নীতি চূড়ান্ত করে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে গত ৯ এপ্রিল সরকারি বার্তা সংস্থা বাসসকে জানান প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সেদিন বাসসকে জানান সচিব। আগামী তিন-চার মাসের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। বৈঠকে জনশক্তি রপ্তানি খাতে প্রণোদনা প্যাকেজের অর্থ পেতে দ্রুত পাস বই দেওয়ার দাবি জানানো হয়েছে বলে বুধবার সাংবাদিকদের জানান বায়রা সভাপতি গোলাম মোস্তফা। এছাড়া "বর্তমানে ১০টি এজেন্সির মাধ্যমে বিদেশে গৃহকর্মী পাঠানো হচ্ছে," জানিয়ে বায়রা সভাপতি বলেন, "তা সব এজেন্সির জন্য উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯২২ ঘ.