২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধায় চবি শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড

ক্যাম্পাস এবং শাটল ট্রেনের নিরাপত্তা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থীর মানববন্ধন কর্মসূচি বুধবার পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 01:14 PM

Updated : 24 Aug 2022, 08:42 PM

চট্টগ্রাম, এপ্রিল ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাস এবং শাটল ট্রেনের নিরাপত্তা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থীর মানববন্ধন কর্মসূচি বুধবার পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। 'সাধারণ শিক্ষার্থী' প্রায় অর্ধশত শিক্ষার্থী দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচি শুরু করে। ১৫ মিনিট পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ গিয়ে তাদের হটিয়ে দেয়। মানববন্ধনে অংশ নেওয়া সজিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশ দিয়ে আমাদের তাড়িয়ে দিয়েছে। প্ল্যাকার্ড কেড়ে নিয়েছে।" কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বুকে-পিঠে প্ল্যাকার্ড বহন করে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান হত্যার বিচারও দাবি করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যলয় সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ করে কিছু ছেলে এসে মানববন্ধন শুরু করে। ক্যাম্পাস পরিস্থিতি স্থিতিশীল রাখতে তাদের ওই কর্মসূচি করতে দেওয়া হয়নি।" এদিকে ক্যাম্পাসে কর্মসূচি পালনে বাধা পেয়ে ওই শিক্ষার্থীরা বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় মিছিল করে এবং উপাচার্য অধ্যাপক আবু ইউসুফের কুশপুত্তলিকা পোড়ায়। তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেও স্লোগান দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/১৯০০ ঘ.