ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনের আগে পরে ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ সেল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভোলা-৩ আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন তথ্য ও অভিযোগ এখানে নেওয়া হবে। ৭১৬৮২০৮ নম্বরে ফোন কিংবা ৭১৬২৭৫৩ নম্বরে ফ্যাক্স করে তথ্য জানানো যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১৩ নম্বর কক্ষে স্থাপিত বিশেষ সেলের সমন্বয়কের দায়িত্ব স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার পালন করবেন বলে বুধবার এক প্রজ্ঞাপনে বলা হয়।
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এবং বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ।
'আইন-শৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল' নামের মন্ত্রণালয়ের সেলটি বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু করে ২৫ এপ্রিল রাত ১০টা পর্যন্ত কাজ করবে।
মন্ত্রণালয়ের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীরা পর্যায়ক্রমে সেখানে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী এলাকার তথ্য সেলের কাছে সরবরাহের জন্য মহাপুলিশ পরিদর্শক, বরিশাল বিভাগীয় কমিশনার, ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলায় নির্বাচনী সহিংসতা নিয়ে সরকার ও বিরোধী দল পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে।
বিএনপি সেখানে সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও নির্বাচন কমিশন তাতে সাড়া দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬১৪ ঘ.
bdnews24