পাবনা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে বুধবার সকালে বোমা হামলায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত সেলিম হোসেন (৩২) মধুপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে।
পুলিশ জানিয়েছে, সেলিম এমএল জনযুদ্ধের আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।
আটঘরিয়া থানার ওসি এনামুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৬টার দিকে সেলিম কয়েকজন সহযোগী নিয়ে শিবপুর গ্রামে গোপন বৈঠক করছিলো। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের ওপর বোমা হামলা করে। এতে ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়।"
পাবনার পুলিশ সুপার (এমপি) জামিল আহমেদ জানান, পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৩৩৫ ঘ.
bdnews24