২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাগার: ১১ জনকে আসামি করে মামলা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদি জিম্মি, কারারক্ষীর ওপর হামলার ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদি জিম্মি, কারারক্ষীর ওপর হামলার ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা হয়েছে। চট্টগ্রাম কারাগারের কারারক্ষক মাহবুবুল আলম বাদি হয়ে সোমবার গভীর রাতে কোতোয়ালী থানায় এ মামলা করেন। এতে ১১ জন হাজতীকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- হজরত আলী, রাজু, জসিম উদ্দিন বাদশা, সাজ্জাদ হোসেন সুমন, জুয়েল, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর আলম, তোফায়েল আহম্মদ, লোকমান হোসেন, রানা চক্রবর্তী ও শেখ আহম্মদ। এরা সবাই হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন বিচারাধীন মামলার আসামি। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, কারারক্ষী আটক, হত্যাচেষ্টা ও সরকারি মালামালের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন। তিনি বলেন, "আসামিদের মঙ্গলবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া কারাগারের ভেতরে ঘটনাস্থল থেকে কিছু আলামতও জব্দ করা হয়েছে।" বুধবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানান মোহসিন। রোববার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চতুর্থ তলার পদ্মা সেলে কয়েকজন কয়েদি মেহেদী বিন খালিদ নামে এক মালয়শিয়ার এক বন্দিকে আটকে রাখে। এসময় কয়েদিরা সেলের ভেতরে গাঁজা আছে বলে আবদুল জলিল নামে এক কারারক্ষীকে ভেতরে ঢুকিয়ে আটকে মারধর করে। জলিলকে রক্ষায় প্রধান কারারক্ষী নুরুল ইসলাম ভূইঁয়া (৫০) এগিয়ে গেলে কয়েদিরা তাকেও লাঞ্ছিত করে। এসময় অন্য কারারক্ষীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কারারক্ষীদের উদ্ধার করে। ঘটনার পর নুরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরে হৃদরোগে আক্রান্ত হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়। কয়েদি জিম্মি, কারারক্ষীর ওপর হামলা এবং হৃদরোগে প্রধান কারারক্ষীর মৃত্যুর ঘটনা তদন্তে ইতিমধ্যে ডিআইজি প্রিজন ফজলুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৪৩ ঘ.