যশোর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্বৃত্তদের বোমা হামলায় যশোর জেলা তরুণলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রিপন ওরফে বাঁশি রিপন (৩৫) নিহত হয়েছেন।
সোমবার রাতে যশোর শহরের লালদিঘী এলাকায় বিএনপি কার্যালয়ের অদূরে তার ওপর বোমা হামলা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুনের মামলাসহ রিপনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায়ও তার নাম রয়েছে।
জেলা তরুণলীগের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ জানান, রিপন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাড়ি শহরের পুরাতন কসবা এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে রিপন মটর সাইকেলে করে বিএনপি কার্যালয়ের অদূরে বিআরবি ক্যাবলসের গলি দিয়ে যাচ্ছিলেন।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত পিছন থেকে একটি মটরসাইকেলে করে তাকে অতিক্রম করে। তারা সামনে গিয়ে রিপনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে চলে যায়। মুহূর্তে বন্ধ হয়ে যায় গলির দোকানপাট।
বোমার আঘাতে ক্ষত বিক্ষত রিপন ঘটনাস্থলেই মারা যান। ড্রেনের ওপর পড়ে থাকা লাশ দেখে রিপনকে সনাক্ত করে স্থানীয়রা।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রিপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসাপাতালে পাঠায়। তার মটর সাইকেলটি পুলিশ উদ্ধার করেছে।
তিনি হত্যার কারণ সর্ম্পকে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এ ঘটনায় মামলা হবে বলে ওসি জানান।
এ বছরই যশোরে ছাত্রলীগের এক নেতা খুন হন।
বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৭ ঘ.
bdnews24