গাজীপুর, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের শিমুলতলী বাজারে রোববার রাতে একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে।
অস্ত্রের মুখে বাজারের নৈশপ্রহরী ও দোকানের কর্মচারিদের বেঁধে রেখে ডাকাতরা 'মা জুয়েলার্স' নামের সোনার দোকান লুট করে।
ডাকাতরা দোকান থেকে ৫৫ ভরি সোনা, ৪০ ভরি রূপা ও নগদ ৮২ হাজার টাকাসহ সিন্দুক লুট করে নিয়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দোকানের মালিক নগরবাসি পাল।
মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে ৮/১০জনের একদল ডাকাত বাজারে হানা দেয়।
তারা নৈশপ্রহরী আবুল হাসেম (৫০) ও আমান উল্যাহর (৫৫) হাত-পা বেঁধে দোকানের সামনে ফেলে রাখে। পরে ডাকাতরা কলাপসিবল গেট ও সাটারের ভেঙে দোকানের ভেতরে ঢুকে। তারা কর্মচারী গৌরাঙ্গ চন্দ্রপাল ও সঞ্জয় চন্দ্র পালকে হাত-পা বেঁধে রেখে জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান এসআই শহিদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24