২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতির অর্থ আত্মসাত: দুই ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

অবসরপ্রাপ্ত বিচারপতি জয়নুল আবেদীনের দায়ের করা অর্থ আত্মসাত মামলায় শাহবাগ থানা পুলিশ সোনালী ব্যাংক সুপ্রীম কোর্ট শাখার দুই কর্মকর্তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 01:49 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত বিচারপতি জয়নুল আবেদীনের দায়ের করা অর্থ আত্মসাত মামলায় শাহবাগ থানা পুলিশ সোনালী ব্যাংক সুপ্রীম কোর্ট শাখার দুই কর্মকর্তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। সোমবার বিকালে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে বিচারপতির ব্যক্তিগত সহকারি লোকমান হোসেনের কোনো খোঁজ পায়নি পুলিশ। এদিকে পুলিশ ব্যাংক থেকে জয়নুল আবেদীন এবং তার স্ত্রী হাসিনা আক্তারের ২২টি চেক জব্দ করেছে। এর মধ্যে ৯টি হাসিনা আক্তারের এবং ১৩টি জয়নুল আবেদীনের। জয়নুল আবেদীন তার নিজের এবং স্ত্রীর ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে রোববার শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলায় আপিল বিভাগের বিচারপতি থাকার সময় তার ব্যক্তিগত সহকারি লোকমান হোসেন এবং ওই ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামী করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট ২২টি চেকের মাধ্যমে উল্লেখিত টাকা তোলা হয়। এই চেকগুলোর মধ্যে ব্যাংকের সিনিয়র অফিসার সেলিম রেজা ১৭টি, নজরুল ইসলাম ৪টি এবং সহকারি মহাব্যবস্থাপক গৌতম চন্দ্র দে ১টি পাশ করেন। এই তিনজনের মধ্যে সেলিম রেজা এবং নজরুল ইসলামকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা কতটুকু তা খতিয়ে দেখতেই তাদের থানায় ডেকে পাঠানো হয় বলে জানান তদন্ত কর্মকর্তা। গৌতম চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংকের হিসাব দুটো থেকে জানা যাচ্ছে, গত বছর অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ২২টি চেকের মাধ্যমে এই টাকা তোলা হয়। গত অক্টোবরে জয়নুল আবেদীনের একাউন্ট থেকে সর্ব্বোচ ১৫ লাখ ২০ হাজার টাকা তোলা হয়েছে। জয়নুল আবেদীন বিচারপতি হওয়ার আগে হাইকোর্টের আইনজীবি থাকাকালে ১৯৯২ সালের ২২জুন একাউন্ট খোলেন। আর তিনি বিচারপতি থাকার সময় তার স্ত্রী গৃহীনি হিসাবে একাউন্ট খোলেন ২০০৭ সালের ১৩ আগষ্ট। গৌতম চন্দ্র দে জানান, বিচারকরা নিজে কখনো টাকা তুলতে আসেন না। তাদের ব্যাক্তিগত সহকারি বা পরিচিত কাউকে দিয়ে টাকা উঠান। বিচাপতি জয়নুল আবেদীনের ব্যক্তিগত সহকারি লোকমান হোসেনকে ব্যাংকের অধিকাংশ কর্মকর্তা চেনেন। এজন্য তিনি যে চেক নিয়ে আসেন তা ওই বিচারপতির বৈধ চেক হিসাবেই ধরে নেওয়া হয়। ব্যাংকের কোনো কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জড়িত নয় দাবি করে ব্যাংকটির সহকারি মহাব্যবস্থাপক বলেন, "আমরা খুব চাপের মধ্যে থাকি। যত তাড়াতাড়ি পারি চেক পাশ করে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে বিচারকদের চেক পাশ করার ব্যাপারে ব্যাংকের কোনো কর্মকর্তা দেরী করতে চান না। হয়তো এই সুযোগটিই লোকমান নিয়েছে।" বিচারপতি এবং তার স্ত্রীর চেকের ব্যাপারে তিনি আরো জানান, কোনো কোনো চেকের পেছনে বিচাপতির গাড়ি চালক মজনুর স্বার রয়েছে। এর সঙ্গে লোকমানের হাতের লেখার মিল রয়েছে। তবে জয়নুল আবেদীন বা তার স্ত্রীর চেক নিয়ে মজনু কখনো ব্যাংকে আসেনি। শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, লোকমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকায় তার কোনো অস্থায়ী ঠিকানা পাওয়া যাচ্ছে না। গ্রামের বাড়ির ঠিকানা দিয়েই সে হাইকোর্টে চাকরি নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৯৪৩ ঘ.