ঝিনাইদহ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার হরিণাকুণ্ডু উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশের একজন উপ-পরিদর্শকসহ ১০ জন আহত হয়েছে।
আগেরদিনের বিরোধের জেরে সোমবার সকালে উপজেলার চরপারা বাজারে এই সংঘর্ষ হয়। এ সময় ৭-৮টি দোকান ভাংচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি করে।
আহতদের মধ্যে হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ফয়সাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে নসিমনের (স্থানীয় যান্ত্রিক যান) ভাড়া নিয়ে চালক হরিণাকুণ্ডুর আব্দুর রাজ্জাকের সঙ্গে শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের বিশারত আলীর কথা কাটাকাটি ও হতাহাতি হয়।
বিষয়টি মীমাংসার জন্য সোমবার সকালে সালিস বৈঠকের কথা ছিল। কিন্তু বৈঠকের আগে আবার কথা কাটাকাটির জের ধরে শৈলকুপার মাইলমারী ও হরিণাকুণ্ডুর রঘুনাথপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।
পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে সংঘর্ষ থামাতে আট রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করে পুলিশ।
এ সময় সংঘর্ষকারীদের ইটের আঘাতে এসআই আলমগীরের মাথা ফেটে যায়। তিনি ছাড়া আরো কমপে নয়জন আহত হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ফয়সাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমএসবি/১৭৪৫ ঘ.
bdnews24