আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহবাগ থেকে মগবাজার পর্যন্ত খাল ছিলো, ঢাকা ওয়াসার মানচিত্রে এর নাম পরীবাগ খাল। তবে সেখানে এখন গেলে খালের কোনো চিহ্ন ধরা পড়বে না। সেখানে এখন সোনারগাঁও সড়ক।
"খালের ওপর দিয়ে রাস্তা বানাইছে, খাল থাকলে বরং ভালো ছিলো। খালের দুই ধার দিয়ে দোকানপাট-বাড়িঘর উঠতো। কোনো সমস্যা হইতো না", বললেন সড়কের পাশের চা দোকানি মোহাম্মদ শাহ আলম।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে কথা হয় তার। শাহ আলম গত ১৫ বছর ধরে সেখানে দোকান চালাচ্ছেন। এর আগে সেখানে খাল দেখেছেন তিনি।
পরীবাগ খালের মতোই নিশ্চিহ্ন হয়ে গেছে ঢাকার চারটি খাল। মানচিত্র অনুযায়ী ৪৩টি খালের মধ্যে ২৬টির দেখভাল করছে ওয়াসা কর্তৃপক্ষ। বাকি ১৩টি খালও বিভিন্ন স্থানে বেদখল হয়ে আছে।
অবশ্য ঢাকা ওয়াসার চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেছেন, এ খালগুলো সচলের কথাও ভাবছেন তারা।
রাজধানীর পানি খালগুলোর মধ্য দিয়েই বুড়িগঙ্গাসহ আশপাশের নদীতে গিয়ে পড়ছে। খালগুলো বেদখল হওয়ায় পানি আটকে প্রতি বছরই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা দুর্ভোগে ফেলছে নগরবাসীকে।
খাল উদ্ধারসহ নদী দখল বন্ধে দীর্ঘদিন ধরে জনসচেতনতা তৈরি করে আসছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীবাগ, রায়েরবাজার, আরামবাগ ও গোপীবাগ এ চারটি খালের কোনো অস্তিত্বই এখন নেই।
প্রায় এক যুগ আগে শাহবাগ থেকে উৎপত্তি হয়ে বড় মগবাজার পর্যন্ত পরীবাগ খাল, কাটাসুর খাল হতে উৎপত্তি হয়ে সরাইজাফরাবাদ ও সুলতানগঞ্জ মৌজার ওপর দিয়ে প্রবাহিত হয়ে রায়েরবাজারের বেড়ীবাঁধ পর্যন্ত রায়েরবাজার খাল, বিজয়নগর পানির ট্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত আরামবাগ খাল এবং গোপীবাগ থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশ ব্যাংকের পেছন দিয়ে আরামবাগ খাল পর্যন্ত গোপীবাগ খাল ছিলো।
"নগর কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনার অভাবে সময়ের ব্যবধানে খালগুলো সড়কে পরিণত হয়েছে", বলেন ইকবাল।
আর রাজাবাজার খাল, ধোলাই খাল-১, ধোলাই খাল-২, শাহজাহানপুর খাল, গুলশান বনানী খাল, ধানমণ্ডি খাল, দক্ষিণগাঁও-নন্দীপাড়া খাল, রাজারবাগ-নন্দীপাড়া খাল, নাসিরাবাদ-নন্দীপাড়া খাল, নন্দীপাড়া-ত্রিমোহনী খাল, ডুমনি খাল, বাউখার খাল এবং গোবিন্দপুর খাল এ ১৩টি খাল থেকেও নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম নাজেম।
এর মধ্যে রাজাবাজার খাল (রাজাবাজার পশ্চিম পাশ থেকে হোটেল সুন্দরবন পর্যন্ত), ধোলাই খাল-১ (দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু থেকে উৎপত্তি হয়ে ধোলাই খাল-২ পর্যন্ত), ধোলাই খাল-২ (বুড়িগঙ্গা নদী গতে উৎপত্তি হয়ে সূত্রাপুর, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, ওয়ারী শহর ঢাকা মৌজা (পুরান) হয়ে দয়াগঞ্জ বাজার পর্যন্ত), ধানমণ্ডি খাল, নন্দীপাড়া-ত্রিমোহনী খালে বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে।
ঠিকমতো দেখভাল না হওয়ায় বাকি আটটি খাল সঙ্কুচিত হয়ে পড়েছে। ফলে পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে।
অধ্যাপক নাজেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঠিকমতো তদারকি, অবহেলার কারণে ধীরে ধীরে খালগুলো হারিয়ে যাচ্ছে।
দখলদার হাত থেকে খালগুলো রক্ষার পাশাপাশি সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
তবে এ ক্ষেত্রে অসহায় কণ্ঠে ওয়াসা চেয়ারম্যান বলেন, "এমন খাল আছে যেখানে বড় বড় স্থাপনা উঠে গেছে। খালের চিহ্ন নেই কিংবা আংশিক আছে। সে সব জায়গায় হাত দিতে গেলে মারাত্মক সমস্যায় পড়তে হবে।"
খাল নিশ্চিহ্ন হওয়ার জন্য অপরিকল্পিত নগরায়নকে দায়ী করেন তিনি।
গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খালের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে সড়কসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটা খাল ভরাটের অন্যতম কারণ।"
বর্তমানে ২৬টি খালের দেখভাল কথা জানিয়ে তিনি বলেন, বাকি খালগুলো নিয়ে ভবিষ্যতে কিছু করা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24