ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে এক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তাকে গুলি করে বিপুল অঙ্কের টাকা ছিনতাই হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সন্ধা সাড়ে ৬টায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় বনানীর ইকবাল সেন্টারের সামনে যতীন্দ্র চন্দ্র বর্মণ নামে ওই কর্মকর্তার কাছ থেকে ছিনতাই করা হয়।
যতীন্দ্র মাইকা প্রপার্টিজ এন্ড সিকিউরিটিজ নামে একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানে কর্মরত। তিনি প্রিমিয়ার ব্যাংকে ২৬ লাখ টাকা জমা রাখতে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
গুলিবিদ্ধ যতীন্দ্রকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক মাসুদ রায়হান জানান, ইকবার সেন্টারের সামনে মোটর সাইকেলে করে আসা কয়েকজন গুলি করে যতীন্দ্র চন্দ্রের ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। ব্যাগের মধ্যে ২৬ লাখ টাকা ছিল বলে তিনি আমাদের জানিয়েছেন।
এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান মাসুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২১১১ ঘ.
bdnews24