নেত্রকোনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে তিনজন মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
শনিবার রাতের এই কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙ্গে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে দুটি উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
এছাড়া শিলাবৃষ্টিতে হাওরাঞ্চলের প্রায় ৫ হাজার হেক্টর ইরি-বোরো ফসল নষ্ট হয়েছে বলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানান।
নিহতরা হলেন- মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের নলজুড়ি গ্রামের রিয়াজ মোল্লা (৩২), আজিজুল ইসলাম ওরফে পাগলা গাজী (৪০) ও খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামের মকবুল আলী (২৫)।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী আবেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১২টার দিকে সদর, মোহনগঞ্জ, বারহাট্টা, আটপাড়া ও খালিয়াজুরী উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়।"
এতে এসব উপজেলার প্রায় ২৫টি গ্রামের গাছপালা-ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় মোহনগঞ্জে গাছ ভেঙে চাপা পড়ে মারা যায় দুজন। খালিয়াজুরীতে ঘর চাপা পড়ে মারা গেছে একজন।
তিনি জানান, ঝড়ের সময় বিভিন্নভাবে আরো ৫০ জন আহত হয়।
এদের মধ্যে আছে- বাবুল, সুজন, শহীদ, তরিকুল, মানিক, এরশাদ মিয়া, মাসুদ, জাহাঙ্গীর, মনির হোসেন, মতি মিয়া, ছারোয়ার, আনিস, কালাম, মজিবুর, হাবিবুর, শফিকুল, নূরুল ইসলাম, ইসলাম উদ্দিন, সোহেল মিয়া।
তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক নূরুল আমিন রোববার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন।
বারহাট্ট্রা উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকন জানান, বিদ্যুতের টাওয়ার ও খুঁটি ভেঙ্গে যাওয়ায় মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এছাড়া শিলাবৃষ্টিতে আটপাড়ার সজনা ও শিয়ালদী হাওরসহ ৫/৬ টি হাওরের প্রায় ৫ হাজার হেক্টর ইরি-বোরো জমির ফসল নষ্ট হয়েছে। ঝড়ে গাছপালা ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24