২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ জেলা প্রশাসক বদলি

আরো ১৬ জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা মেজিস্ট্রেট পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 08:35 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো ১৬ জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা মেজিস্ট্রেট পদে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে দু'জনকে অন্য জেলায় বদলি এবং ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। আর ১৪ জেলার ডিসিকে প্রত্যাহার করে প্রশাসনের বিভিন্ন পদে পদায়ন করা হয়। (আরো তথ্যসহ) রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়। প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকদের মধ্যে চারজন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা। পদোন্নতির পরও তারা পূর্বপদে দায়িত্বে ছিলেন। অন্যরা উপসচিব পর্যায়ের কর্মকর্তা। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মুন্সী শাহাবুদ্দিন আহমেদকে মানিকগঞ্জে এবং ঝালকাঠির ইলিয়াস লস্করকে পাবনায় বদলি করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আজিজুল আলমকে মুন্সীগঞ্জ, বিআরটিএ'র উপ-পরিচালক হাবিবুর রহমানকে কুড়িগ্রাম, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোঃ জহিরুল ইসলামকে লক্ষ্মীপুর, রাজশাহীর উপ-ভূমি সংস্কার কমিশনার সানোয়ার হোসেনকে শরিয়তপুর, নির্বাচনী প্রশিক্ষণ ইনিস্টিটিউটের পরিচালক মোখলেসুর রহমান সরকারকে লালমনিরহাট, ইউজিসি'র হায়ার এডুকেশন ইমপ্র"ভমেন্ট প্রজেক্ট'র সিনিয়র প্রকিউরমেন্ট অফিসার ড. মোছাম্মৎ নাজমানারা খানুমকে নওগাঁ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক মাহমুদ হাসানকে হবিগঞ্জ, প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব আব্দুল মান্নানকে ব্রাহ্মণবাড়িয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক মোঃ শহিদুজ্জামানকে ঠাকুরগাঁও, বিআরটিসির উপ-মহাব্যবস্থাপক অশোক কুমার বিশ্বাসকে ঝালকাঠি, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজার, পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজ উদ্দিন আহমেদকে জামালপুর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সুশান্ত কুমার সাহাকে বরগুনা এবং পরিকল্পনা বিভাগের উপসচিব আনিস উল হক ভূঁইয়াকে খাগড়াছড়ির জেলা প্রশাসক নিয়োগ করা হয়। প্রত্যাহার হওয়া (যুগ্ম-সচিব পদমর্যাদার) জেলা প্রশাসকদের মধ্যে খাগড়াছড়ির মুহাম্মদ আবদুল্লাহকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়। এছাড়া মৌলভীবাজারের মফিজুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়, জামালপুরের কমল কৃষ্ণ ভট্টাচার্যকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বরগুনার স্বপন কুমার সরকারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে বদলি করা হয়। (উপসচিব পদমর্যাদার) জেলা প্রশাসকদের মধ্যে মুন্সিগঞ্জের মোশাররফ হোসেনকে কৃষি মন্ত্রণালয়, মানিকগঞ্জের জিএম সালাহ উদ্দিনকে পানি সম্পদ মন্ত্রণালয়, কুড়িগ্রামের মো. আসাদুজ্জামানকে মন্ত্রিপরিষদ বিভাগ, লক্ষ্মীপুরের রফিকুল ইসলাম সরকার ও হবিগঞ্জের আবুল কাশেম তালুকদারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শরিয়তপুরের আনিসুর রহমানকে নৌপরিবহন মন্ত্রণালয়, লালমনিরহাটের আলাউদ্দিন ফকিরকে বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়, নওগাঁর আহসান হাবিব তালুকদার ও ব্রাহ্মণবাড়িয়ার হাইয়ুল কাইয়ুমকে বাণিজ্য মন্ত্রণালয় এবং পাবনার ড. এএফএম মনজুর কাদিরকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে। এদিকে একইদিন যুগ্ম-সচিব পর্যায়ের আরো কয়েকজন কর্মকর্তার পদে রদবদল করা হয়। এদের মধ্যে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য রুখসানা নাসরিনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোশাররেফ হোসেনকে তাঁত বোর্ডের সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. মঈন উদ্দিনকে বিএডিসি'র সদস্য পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু নুর মোহাম্মদ বজলুর রহমানকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সড়ক ও রেলপথ বিভাগের যুগ্ম-সচিব নাঈম আহমেদ খানকে আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্ট হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট'র প্রকল্প পরিচালক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জয়নাল আবেদীন তালুকদারকে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এটিএম মহিউদ্দিন আহমেদকে বিএডিসি'র সদস্য পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১১৭ ঘ.