২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ আহত

একটি অপহরণ মামলার আসামি ধরতে গিয়ে শনিবার জেলা শহরের মোল্লা বাড়ি এলাকায় হামলার শিকার হয়েছে চার পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 04:40 PM

Updated : 24 Aug 2022, 08:32 PM

চাঁদপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি অপহরণ মামলার আসামি ধরতে গিয়ে শনিবার জেলা শহরের মোল্লা বাড়ি এলাকায় হামলার শিকার হয়েছে চার পুলিশ। এরা হলেন- চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুভাষ কান্তি দাস ও মো. নূর মিয়া এবং কনস্টেবল আব্দুল মালেক ও মো. জয়নাল। আহত এই চারজনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসআই সুভাষ কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে এক স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি লিটন হাজীকে (২৩) শহরের মোল্লাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় লিটনের পরিবার ও আত্মীয়স্বজন লিটনকে পুলিশকের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা পুলিশকে বেদম মারধর করে। পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে আটক করেছে। আটকদের মধ্যে মোসাম্মৎ লুৎফুন্নেছা (৪০), মোসাম্মৎ লাবনী (২৫), মাহমুদা (২৫), আল আমিন (২৫), আল আমিন (২২), মো. রিপন (২৩) ও সুমনকে (২২) চাঁদপুর জেলহাজতে পাঠানো এবং এরশাদকে (২২) সদর থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি। পুলিশ কর্মকর্তা আরোও জানান, স্থানীয় একটি মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে তার বাবা শুক্রবার থানায় একটি মামলা করেন। এই মামলায় লিটন এক নম্বর আসামি। এদিকে থানা হাজতে আটক এরশাদ সাংবাদিকদের জানান, দুপুরে ওই এলাকার লোকজন পুলিশকে মারধর করার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন বলে পুলিশ তাকে আটক করে। পেশায় রিকশাচালক এরশাদের বাড়ি ভোলায়। মোল্লাবাড়ি এলাকায় তিনি বোন নাসিমার বাসায় থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৩৫ ঘ.