ঢাকা এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়োজকদের সম্পর্কে জানার পর তাৎক্ষণিকভাবে রাজধানীর একটি অনুষ্ঠান ত্যাগ করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 'এফএম মেথড' নামের একটি ইংরেজি শেখার কোচিং সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়াজন করে দৈনিক ইনকিলাব।
নাহিদ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকও এসেছিলেন। কিন্তু পাঁচ মিনিট পরই তিনি চলে যান।
তার পরপরই নাহিদ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
চলে যাওয়ার সময় তাকে থাকতে অনুরোধ করলে নাহিদ আয়োজকদের বলেন, "আমি ভেবেছিলাম একটি সংবাদপত্র অনুষ্ঠানটির আয়োজন করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমি একটি কোচিং সেন্টারের প্রচারের কাজে ব্যবহৃত হচ্ছি।"
এ সময় এফএম মেথডের প্রধান নির্বাহী ফিরোজ মুকুল ইংরেজি শিক্ষার নানা কৌশল ও তার প্রতিষ্ঠানের নানা দিক নিয়ে বক্তব্য দিচ্ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য বীরেন শিকদার, রনজিৎ রায় ও মো. শাহ আলম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ এনামুল কবিরও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ফিরোজ মুকুলের সঙ্গে টেলিফোনে যোগযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল বাশারের কাছে জানতে চাইলে তিনিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24