২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তজুমদ্দিন ও লালমোহনের আট পুলিশ বদলী

ভোলার লালমোহন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার পরদিন শুক্রবার ওই থানাসহ দুই থানার আট পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 04:34 PM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ভোলা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার লালমোহন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার পরদিন শুক্রবার ওই থানাসহ দুই থানার আট পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ফরাসগঞ্জ ইউনিয়নের সাতকানিয়ায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে সরকার দলের কর্মীরা বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের ওপর হামলায় এ চালায়। এতে তিনিসহ অন্তত আটজন আহত হন। ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে। এতে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আট পুলিশ কর্মকর্তার বদলি নিয়মিত কাজের (রুটিন ওয়ার্ক) অংশ বলে পুলিশ সুপারিনটেনডেন্ট দাবি করলেও রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেছেন, দায়িত্বে অবহলোর জন্য এসব কর্মকর্তাকে অন্যত্র পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন তারা। এর পরিপ্রেক্ষিতেই বরিশাল পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক বিনয় কৃষ্ণ বালা তাদের বদলি করেছেন বলে নুরুজ্জামান দাবি করেন। বদলি করা আট কর্মকর্তা হলেন- লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর ও সুলতান আহম্মেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খালেক, নুরুল ইসলাম, চান মিয়া ও বায়েজিদ এবং তজুমদ্দিন থানার এসআই সুলতান মাহমুদ ও নুরে আলম। ভোলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এ এস এম এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমোহনের এসআই আলমগীর ও সুলতানকে ভোলা সদর থানায়, এএসআই খালেককে বোরহানউদ্দিন, নূরুল ইসলামকে চর ফ্যাশন, চান মিয়াকে ভোলা সদর থানাধীন ভেলো মিয়া পুলিশ ফাঁড়ি ও বায়েজিদকে ভোলা আদালতে বদলি করা হয়েছে। তজুমদ্দিনের এসআই সুলতান মাহমুদকে চরফ্যাশন থানাধীন শশীভূষণ পুলিশ ক্যাম্পে এবং নূরে আলমকে চরফ্যাশন থানায় দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.