নয়াদিল্লি প্রতিনিধি
নয়াদিল্লি, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-বাংলাদেশ যৌথ আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে উৎসব শুরু হয়েছে নয়াদিল্লিতে।
শুক্রবার ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জুতয়া উদ্বোধন করার কথা।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের তথ্য ও সম্প্রচার অধিপ্তরের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ উৎসবে মোট সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে এটিই বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে দিল্লিতে প্রথম উৎসব।
দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন ভারতীয় কর্মকর্তারা।
উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হবে কবরী পরিচালিত 'আয়না'। অন্য চলচ্চিত্রগুলো হচ্ছে- অন্তর্যাত্রা, জয়যাত্রা, ব্যাচেলর, রূপকথার গল্প, আহা এবং মাটির ময়না।
অভিনেত্রী ও নির্মাতা কবরী, নির্মাতা তৌকির আহমেদ, অপি করিমের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/১৮৩০ ঘ.
bdnews24