জামালপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনার ভাঙন রোধে ২৬৬ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন করায় জামালপুর জেলার ইসলামপুরে আনন্দ মিছিল হয়েছে।
ইসলামপুরবাসী বুধবার বর্ষবরণের দিনে উপজেলা সদরে উল্লাস প্রকাশ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামপুরের হরিণধরা হতে হারগিলা ও বাহাদুরাবাদ ঘাট থেকে দেওয়ানগঞ্জের ফুটানি বাজার পর্যন্ত এবং সরিষাবাড়ি উপজেলার পিংনা বাজার এলাকায় ২৬৬ কোটি টাকা ব্যয়ে যমুনার তীর সংরক্ষণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এ সংবাদে ইসলামপুরবাসী উপজেলা সদরে বুধবার আনন্দ মিছিল বের করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আবু নাসের চার্লেস চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। মিছিলটি ইসলামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ ছাড়া ইসলামপুরের গুঠাইলবাজার ও মলমগঞ্জ বাজারেও আনন্দ মিছিল করেছে সে এলাকার জনগণ।
স্থানীয় সাংসদ ফরিদুল হক খান দুলাল বলেন, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন হলে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কোটি কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। ভাঙ্গনের হাত থেকে বেঁচে যাবে হাজার হাজার মানুষ। প্রকল্প অনুমোদন করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইসলামপুরবাসীর দুঃখ যমুনা ও ব্রহ্মপুত্র। উপজেলার পশ্চিমাঞ্চলের ৬ টি ইউনিয়নে চলছে যমুনার ভাঙ্গন। গত ৩৬ বছরে ৬০ হাজারেরও বেশি মানুষ সর্বস্ব হারিয়েছে। নিশ্চিহ্ন হয়েছে ৬০ টি গ্রাম। গত বর্ষা মৌসুমেও ভাঙনে কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, পার্থশী, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার গৃহহারা হয়।
যমুনায় বিলীন হয়েছে ৪ হাজার একরেরও বেশী আবাদী জমি। হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, আবাসন প্রকল্প, বিএস কোয়ার্টারসহ ২৭ টি স্থাপনা চলে গেছে যমুনার পেটে।
হুমকীর মুখে রয়েছে ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাট, দেওয়ানগঞ্জ রেল স্টেশন, উপজেলা পরিষদ ভবন, সরকারি খাদ্য গুদাম, জিলবাংলা চিনি কল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৪০
bdnews24