২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

নির্যাতনের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নড়াইলের আদালতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 09:13 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

নড়াইল, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্যাতনের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নড়াইলের আদালতে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দায়ের করা এ মামলায় এক পরিবহন নেতা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই নেতার ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগ আনা হয়েছে। মামলার বাদি হলেন- নড়াইল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিটু। অভিযুক্তরা হলেন- নড়াইল সদর থানার ওসি আলমগীর শেখ, লোহাগড়া থানার ওসি গোলাম মোস্তফা ও সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হক। বাদির জবানবন্দি গ্রহণের পর আদালত আদেশ দেবে বলে বাদির আইনজীবী আলমগীর সিদ্দীকি সাংবাদিকদের জানিয়েছেন। বাদির অভিযোগ, গত শনিবার রাতে কোনো মামলা ছাড়াই তাকে এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সী কামরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিদুর রহমানকে বাড়ি থেকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওসি আলমগীরের 'নির্দেশে' এএসআই হক তাদের ওপর শারীরিক নির্যাতন চালান বলে মামলায় অভিযোগ করা হয়। লিটু বলেন, এ জন্য তাকে হাসপাতালেও চিকিৎসা নিতে হয়। নির্যাতনের সময় লোহাগড়ার ওসি গোলাম মোস্তফা সদর থানায় উপস্থিত ছিলেন বলে বাদির অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০৩ ঘ.