ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তি চুক্তির আওতায় গঠিত পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক বলে দেওয়া হাইকোর্টের রায়ে ছয় সপ্তাহের স্থগিতাদেশ এসেছে।
সরকারের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার এ স্থগিতাদেশ দেন। তিনি এ সময়ের মধ্যে সরকারকে নিয়মিত আপিল আবেদন (লিভ টু আপিল) করতে বলেছেন।
গত মঙ্গলবার শান্তি চুক্তির বৈধতা প্রশ্ন করে দায়ের করা দুটি রিট আবেদনে হাইকোর্ট পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক বলে রায় দেয়। তবে পার্বত্য শান্তি চুক্তিকে রাজনৈতিক সমঝোতা হিসেবে অভিহিত করে তা আদালতের বিচার্য বিষয় নয় বলে জানায় হাইকোর্ট।
পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক বলে দেওয়া ওই রায় স্থগিতের জন্য বৃহস্পতিবার সকালে আপিল বিভাগে আবেদন করা হয়। দুপুরে চেম্বার বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেন এ আবেদনের ওপর শুনানি করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্ট পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পুরোটা বাতিল করেছে। পাশাপাশি তিনটি জেলা পরিষদ আইনের বেশ কয়েকটি ধারা বাতিল করেছে।
তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কাজ করছে। পাশাপাশি জেলা পরিষদ আইনের ধারাগুলোর আওতায় নিয়োগ পাওয়া উপজাতি পুলিশ ও স্থানীয় প্রশাসনের উপজাতিরা কাজ করছে। রায় স্থগিত না হলে আঞ্চলিক পরিষদ কাজ করতে পারবে না।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করা হবে। বিষয়টিতে সাংবিধানিক ও আইনের ব্যাখ্যার প্রশ্ন জড়িত। তাই রায়টি স্থগিত হওয়া প্রয়োজন।
রিটকারীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সরকারের আবেদনের বিরোধিতা করে বলেন, "হাইকোর্ট শান্তি চুক্তি অবৈধ ঘোষণা করেনি। জনস্বার্থে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনটি বাতিল করেছে এবং তিন জেলা পরিষদ আইনের কয়েকটি ধারা বাতিল করেছে।"
শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
আদেশের পর মাহবুবে আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, হাইকোর্টের এ রায়ের ফলে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। সেখানে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে। সৃষ্টি হবে প্রশাসনিক জটিলতা।
"এসব যুক্তিতে হাইকোর্টের রায়টি স্থগিতের আবেদন জানিয়েছে। আদালত রায়ের কার্যকারিতা স্থগিত করে দিয়েছে," যোগ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আগের আমলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে সরকার। এর আওতায় সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পাহাড়ি সংগঠনটি।
শান্তি চুক্তির আওতায় আইনের মাধ্যমে গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পরিষদের চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন।
শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০০ সালে রাঙামাটির বাঙালি অধিবাসী মো. বদিউজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ওই চুক্তির বৈধতা নিয়ে অপর একটি রিট আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এমআই/১৫০৫ ঘ.
bdnews24