শরীয়তপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগে শরীয়পুরের একটি আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জাজিরা উপজেলার উত্তর কেবলনগর গ্রামের শেখ মো. সোলায়মান।
হাকিম মো. আবদুল মান্নান মামলাটি নথিভুক্ত করার জন্য পালং (সদর) থানাকে নির্দেশ দিয়েছেন।
বাদির আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলায় সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের আব্দুল জব্বার সরদারকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, জব্বার সরদার ও তার সঙ্গীরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনীকে সঙ্গে নিয়ে উপজেলার গয়ঘর ও জাজিরা উপজেলার গংঙ্গানগরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার প্রায় তিনশ' বাড়ি পুড়িয়ে দেয়।
এ সময় তারা রজনী ঘোষ ও হরিদাসী ধুপী নামের দুই ব্যক্তিকে নির্যাতনের পর গুলি করে হত্যা করে এবং লাশ মাটিতে পুঁতে ফেলে।
জব্বার সরদার যুদ্ধের পুরো সময় পাকিস্তানি বাহিনীকে হত্যা, লুট, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ নানা কুকর্মে সহযোগিতা করেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24