ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তি চুক্তির আওতায় গঠিত পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে আদালত।
শান্তি চুক্তির বৈধতা প্রশ্ন করে দায়ের করা দুটি রিট আবেদনের ধারাবাহিকতায় হাইকোর্ট এ রায় দেয়।
রায়ে শান্তি চুক্তিকে সহিংসতা বন্ধে রাজনৈতিক সমঝোতা অভিহিত করে এর বৈধতা আদালতের বিবেচনার বিষয় নয় মন্তব্য করা হলেও কার্যত এ রায় চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বাতিল করেছে।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ সোমবার রায় পড়া শুরু করে মঙ্গলবার শেষ করেন।
মামলায় সরকার পক্ষের কৌঁসুলি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা।
এর আগে রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আপিল করার জন্য সনদ চান। একইসঙ্গে রায় স্থগিত রাখতেও হাইকোর্টের ওই বেঞ্চে আবেদন করেন তিনি। সে আবেদন নাকচ করে আদালত।
রায়ের প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই আদেশ পার্বত্য অঞ্চলে উত্তেজনা তৈরি করবে, যা চুক্তির পুরো উদ্দেশ্যকেই বিপন্ন করে তুলবে।"
পরিষদের পক্ষে শুনানিতে অংশগ্রহণকারী জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন বলেন, আপিল বিভাগ রয়েছে, তাই এটিই চূড়ান্ত রায় নয়। চুক্তি বাস্তবায়ন অব্যাহত রাখতে আইনি লড়াই চলবে।
রায়ের পর রিটকারীদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "আদালত পার্বত্য আঞ্চলিক পরিষদ আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছে। এখন পার্বত্য আঞ্চলিক পরিষদ বলতে কিছু নেই।"
"আদালত রায়ে বলেছে এ পরিষদ বাংলাদেশের একক চরিত্র ধ্বংস করেছে", বলেন তিনি।
রাজ্জাক বলেন, পার্বত্য জেলা পরিষদের আইনে বাঙালিদের কিছু অধিকার লঙ্ঘন করা হয়েছিলো। আদালত আইনের শাসনের পক্ষে রায় দিয়েছে। শান্তি চুক্তির অধীনে করা আইনে বাংলাদেশিদের যেসব অধিকার হরণ করা হয়, তা আদালত পুনরুদ্ধার করেছে।
আওয়ামী লীগ সরকারের আগের আমলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে সরকার। এর আওতায় সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পাহাড়ি সংগঠনটি।
শান্তি চুক্তির আওতায় আইনের মাধ্যমে গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পরিষদের চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন।
জনসংহতি সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রুপায়ন দেওয়ান জানান, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।
চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, "আশা করি এ রায়ের বিরুদ্ধে আঞ্চলিক পরিষদ এবং সরকারের পক্ষ থেকে আপিল করা হবে। আপিল করা অবশ্যই দরকার।"
আদালত রায়ে দেওয়া পাঁচটি নির্দেশনায় বলেছে
bdnews24