বরিশাল, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে কালাবদর নদীতে রোববার রাতে একটি ট্রলার ডুবে তিন শিশুসহ আটজন মারা গেছে। আর কেউ নিখোঁজ নেই বলে ধারণা করছে পুলিশ।
মেহেন্দিগঞ্জ উপজেলার মৃধার নামক স্থানে রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি জানান, নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আবুল হোসেন বেপারী (৭২), খাইরুন্নেসা (৬৫), আয়েশা বেগম (৬০), আছিয়া (১১ মাস), জুয়েল (৬ মাস) ও তানিয়া (৯)।
বাকি দুজনের লাশ স্বজনরা বাড়ি নিয়ে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। এদের সবার বাড়ি উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর শেফালি ও ভোলানাথ গ্রামে।
বেঁচে যাওয়া ট্রলারযাত্রী ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, "ট্রলারের অধিকাংশ যাত্রীই মেহেন্দিগঞ্জ জনতা ব্যাংক থেকে বয়স্কভাতা তুলতে গিয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষের টাকা দিতে দেরি হওয়ায় ট্রলারটি ফিরতে রাত হয়ে যায়।"
তিনি জানান, ট্রলারে ২০-২৫ জন যাত্রী ছিল। অনেকেই সাঁতরে তীরে ওঠতে পেরেছে। দুর্ঘটনায় আহত ৭-৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আরজু ও মেহেন্দিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
বদরুল হক বলেন, "রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার কাজ বন্ধ করে দিলেও সোমবার সকাল থেকেই উপজেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় লোকজন ও স্বজনরা উদ্ধার কাজ চলায়।"
মেহেন্দিগঞ্জ থানার ওসি সোহরাব আলী বলেন, "পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে সহায়তা করেছে। নদীতে পানি কম। আমাদের ধারণা আর কেউ নিখোঁজ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৬ ঘ.
bdnews24