২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট নগরীতে আরো দু'টি থানা হবে: মুহিত

সিলেট মহানগর এলাকায় ২০১১ সালের মধ্যে আরো দু'টি থানা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 03:34 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

সিলেট, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট মহানগর এলাকায় ২০১১ সালের মধ্যে আরো দু'টি থানা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একটির নাম হবে শাহপরাণ এবং অপরটি বিমানবন্দর থানা। মহানগরীতে এখন কোতেয়ালি ও দক্ষিণ সুরমা এই দু'টি থানা রয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে একটি সেতু উদ্বোধনকালে অর্থমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, "বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তাবিধানে বদ্ধপরিকর। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে এ থানাগুলো প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে।" এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, এলজিইডি সিলেট জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল হক প্রমুখ। সালুটিকর-সাহেববাজার-হরিপুর সড়কে মহালদিগ সেতুর উদ্বোধন শেষে দুপুর ২টার দিকে ধোপাগুল-সাহেববাজার বাইপাস পয়েন্টে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগের ক্ষেত্রে সরকারের কিছুটা দুর্বলতা আছে। সেটা উত্তরণ হতে সময়ের প্রয়োজন। তবে খুব শিগগির এ বিষয়গুলো সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রী বলেন, "দেশে খাদ্যের অভাব হবে না। দাম বাড়বে না। সেটা যে কোনোভাবেই আমরা নিয়ন্ত্রণে রাখব।" খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, খাদিমনগর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবদুল মানিক, বেলাল আহমদ, মো. মোক্তার হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৯ ঘ.