২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টে আরো ১৭ অতিরিক্ত বিচারক নিয়োগ

সরকার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরো ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 03:11 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরো ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে। এ নিয়ে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারকের সংখ্যা দাঁড়ালো ৩২ জন। প্রধান বিচারপতির সম্মতিক্রমে রোববার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এ নিয়োগ দেন বলে আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, "রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে ২ বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়।" মিজানুর রহমান আরও বলেন, এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনও জারি করেছে। নিয়োগ পাওয়া বিচারকরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এম ফারুক, সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার শওকত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর এম নাজমুল আহসান, ঢাকা জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ, ঢাকা সেশন জজ এ এন এম বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রব, ড. কাজী রেজা-উল হক ও মো. আবু জাফর সিদ্দিকী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী জাহাঙ্গীর হোসেন সেলিম, শেখ মো. জাকির হোসেন, হাবিবুল গণি, মো. রুহুল কুদ্দুস বাবু, গোবিন্দ চন্দ্র ঠাকুর ও শেখ হাসান আরিফ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে বি এম হাসান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ খসরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১৩৬ ঘ.