চুয়াডাঙ্গা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলায় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ বলছে, শনিবার রাতে উপজেলার কালিয়াবকরি বিলের ধারে চরমপন্থীরা টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতে তৈরি একটি বোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি মারা যায়।
নিহত ফেরদৌস আলী (৩৫) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য বলে দাবি করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধিকে এসপি বলেন, শনিবার রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় তাদের গাড়ির সামনে পড়ে কয়েকজন চরমপন্থী।
তারা পুলিশকে লক্ষ্য করে বোমা মারে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে।
তিনি জানান, চরমপন্থীরা পালিয়ে যাওয়ার পর গ্রামবাসীর সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়। সেখানে গুলিভর্তি একটি পিস্তলও পায় পুলিশ।
এসপি জানান, ফেরদৌসের বাড়ি উপজেলার হাতিভাঙ্গা গ্রামে। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে।
এদিকে জেলার আলমডাঙ্গা কুঠিপাইকপাড়া থেকে শনিবার রাতে পুলিশ গুলি ভর্তি একটি দেশি বন্দুকসহ মানোয়ার হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।
মনোয়ার অপহরণ করে মুক্তিপণ আদায় করা একটি চক্রের সদস্য বলে এসপি নজরুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৩ ঘ.
bdnews24