২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি শেষে বোমা ফাটিয়ে পলায়ন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংহতি গ্রামে শুক্রবার গভীর রাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 04:31 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

বাগেরহাট,এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংহতি গ্রামে শুক্রবার গভীর রাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদলটিকে এলাকাবাসী ও পুলিশ ঘেরাও করলে তারা বোমা ফাটিয়ে পালিয়ে যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান। ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১টার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত পুলিশ পরিচয় দিয়ে গ্রামের ডা. জালালের বাড়িতে ঢোকে লুটপাট করে। এ সময় তারা জালালকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে। পরে ডাকাতরা পাশের জাড়িয়া গ্রামে শওকত সরদার, আবুল কালাম সরদার ও ইউনুস শেখের বাড়িতে হানা দেয়। লুটপাট শেষে চলে যাওয়ার সময় গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশও আসে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান জাহিদ অভিযোগ করেন, পুলিশের গাফিলতির কারণে ডাকাতরা পালাতে পেরেছে। এ ব্যাপারে ফকিরহাট থানার ওসি সালাহউদ্দিন মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা বোমা নয়, পটকা ফাটিয়েছে। তিনি জানান, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন ডাকাতরা চারটি বাড়ি থেকে নগদ ৩২ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও জিনিসপত্র নিয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২১৭ ঘ.