চাঁদপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শনিবার সকালে চাঁদপুর শহরে ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
তাদের ৫৪ ধারায় (সন্দেহভাজন) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রব।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের ট্রাকরোড এলাকায় অবস্থিত জামায়াত কার্যালয় থেকে এদের আটক করা হয়।
এরা হলেন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের মোসাদ্দেক আল হাকিম (৩০) ও সদর উপজেলার বাখরপুর গ্রামের জাকির হোসাইন (৩২)।
এসআই রব জানান, শনিবার সকালে হঠাৎ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে শহরের শপথ চত্বর থেকে মিছিল বের করে।
পুলিশ বিষয়টি টের পাওয়ার আগেই দ্রুত শহরের ট্রাকরোড এলাকায় অবস্থিত জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়ে যায় এবং নেতাকর্মীদের বেশি ভাগ এলাকা ত্যাগ করে। ওই সময় জামায়াত কার্যালয় থেকে পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24