২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সন্ত্রাস: দ্রুত বিচার আইনে মামলা, গ্রেপ্তার ৬

দিনাজপুরে গণপূর্ত বিভাগের দরপত্র দাখিলের সময় সন্ত্রাসের অভিযোগে দেড়শ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 09:18 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

দিনাজপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে গণপূর্ত বিভাগের দরপত্র দাখিলের সময় সন্ত্রাসের অভিযোগে দেড়শ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে মামলা দায়েরের পর ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি বাদি হয়েই ওই মামলা করেন। গত বৃহস্পতিবার কারাগার ভবন পুনর্নির্মাণের দরপ্রস্তাব জমা দেওয়ার সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় চাপাতি নিয়ে এক পক্ষের ওপর আরেক পক্ষের হামলার ছবিও প্রকাশ হয় সংবাদপত্রে। গ্রেপ্তারকৃতরা হলেন- রিপন (৩০), সুমন (৩২), কামাল (২৮), আজম (৩৬), সাজু (২৮) ও আলাল (৩২)। তাদের সবার বাড়ি কোতোয়ালি ঘাসিপাড়া এলাকায়। এদের দলীয় পরিচয় জানতে চাইলে এসআই নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এদের কোনো দলীয় পরিচয় নেই। এরা সন্ত্রাসী।" বৃহস্পতিবারের ঘটনার জন্য আওয়ামী লীগের একটি অংশ ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সহকারী ব্যক্তিগত সচিব মীর্জা আসফাক হোসেনকে দায়ী করেছে। দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল আহসান লাল, সহ-সভাপতি মো. আলাউদ্দিন ও বজলুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, প্রচার সম্পাদক আতাউর রহমান আজাদ বাবলু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আসফাকের অনুসারীরাই সেদিন ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.