শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অধিকাংশ এলাকায়ই চলছে পানি সঙ্কট। কখনো কখনো পানি মিললেও তা দুর্গন্ধের জন্য ব্যবহারঅযোগ্য বলে অভিযোগ এলাকাবাসীর। অনেকে তাই পানি কিনে প্রয়োজনীয় কাজ সারছেন।
পানি সরবরাহ কর্তৃপক্ষ ওয়াসা এ সঙ্কটের জন্য দায়ী করছে বিদ্যুৎ সমস্যাকে। তারা আশা করছে, বৃষ্টি শুরু হলে আগামী এক মাসে পানি সমস্যার অনেকটাই লাঘব হবে।
রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে পানি নিয়ে নগরবাসীর দুর্ভোগের চিত্র পাওয়া যায়।
পানির তীব্র সঙ্কটের কথা বললেন পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকার শাখারীবাজার, নওয়াব বাড়ী পুকুর পাড়, গোয়াল নগর, আশোক লেন, রামাকান্ত লেন, পাটুয়াটুলী লেন ও জিন্দাবাজার এলাকায় মাসুষ।
মইন খান নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ওয়াসার পানি আসে না বললেই চলে। বিকালে পানি পাওয়া যায় তবে তা এত সামান্য যে কাজ হয় না।
সূত্রাপুরের বেগমগঞ্জ এলাকার সাইদুল হাসান জানান, পানি না থাকায় তারা ওয়ারী এলাকা থেকে খাবার পানি সংগ্রহ করে আনেন।
ওয়াসার পানিতে দুর্গন্ধের অভিযোগ করেছেন দয়াগঞ্জ, ধোলাইখাল, রায়সাহেব বাজার, কলতাবাজার, রোকনপুর এলাকায় বাসিন্দারা।
কলতাবাজারের সৈয়দ রিপন বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে পানি পাই তাতে এত দুর্গন্ধ যে তা দিয়ে কোনো কাজই করা যায় না। তাই বাধ্য হয়ে পানি কিনে কাজ সারতে হচ্ছে।"
আগা সাদেক লেনের রহমত আলী জানান, বংশাল এলাকার সিক্কাটুলী, আগা সাদেক লেন, মাহুৎটুলী এলাকায় গত ১২ থেকে ১৫ দিন ধরে পানি সঙ্কট চরমে উঠেছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পানির সঙ্কটের চিত্র মিললো।
দন্ত বিভাগের চিকিৎসক শহীদুল ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পানি সরবরাহ ব্যাহত হওয়ায় অস্ত্রোপচারে মাঝে-মধ্যে সমস্যা হচ্ছে।
তবে পুরান ঢাকার মধ্যে লালবাগ এলাকায় পানি নিয়ে তেমন সমস্যা নেই বলে এলাকাবাসী জানায়। সেখানে কামালবাগ এলাকায় দেখা যায়, অনেক বাড়িতেই নলকূপ (টিউবয়েল) রয়েছে। আশে পাশের এলাকার লোকজন সেখান থেকে পানি নিয়ে যাচ্ছে।
পুরান ঢাকার বাইরে ঢাকার উত্তর-পশ্চিমাংশে মিরপুর শাহআলী ও রূপনগর এলাকায় পানির দাবিতে গত কয়েক দিন বিক্ষোভ মিছিল হয়েছে। পাইকপাড়া, শ্যাওড়াপাড়া, তালতলা এলাকায়ও সঙ্কট রয়েছে।
প্রকট পানি সঙ্কটের কথা জানালেন মোহাম্মদপুর এলাকায় কাদেরাবাদ হাউজিং, আদাবর, শেখের টেক, জাফরাবাদ, নূর জাহান রোড ও সলিমুল্লাহ রোডে এলাকার বাসিন্দারা।
ঢাকার পূর্বাংশের যাত্রাবাড়ী, শনিরআখড়া, ধনিয়া, রায়েরবাগ, মেরাজনগর, মোহাম্মদবাগ এলাকায় সারাদিন পানি থাকে না বলে এলাকাবাসী জানিয়েছেন।
মেরাজনগরের বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে পানি আসে তাও দুর্গন্ধযুক্ত।"
সঙ্কট ঢাকার মধ্যপূর্ব অংশের মুগদা, মান্ডা, বাসাবো, আহম্মদবাগ, মায়াকানন এলাকায়ও। শুক্রবার মুগদা এলাকায় গিয়ে ওয়াসা পাম্পে বেশ ভিড় দেখা যায়।
কয়েকশ মানুষের সেই সারিতে দাঁড়ানো গৃহবধূ তাসলিমা বলেন, "পানির নিতেই প্রতিদিন ২ থেকে ৩ ঘণ্টা চলে যায়।"
পানি না থাকায় অনেক এলাকায় ভাড়াটে চলে যাচ্ছে বলে বাড়িওয়ালার জানিয়েছেন। যে এলাকায় পানির সমস্যা অপেক্ষাকৃত কম সে এলাকায় যেতে চাইছেন তারা।
মিরপুর শাহআলী এলাকার বাড়ির মালিক মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার আট ভাড়াটের দুজন বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে।
পানি সঙ্কট থাকলে নতুন ভাড়াটে না পাওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি।
পানির ব্যবসা
রাজধানীর যে সব এলাকায় পানির সমস্যা রয়েছে সে সব এলাকায় চলছে পানি ব্যবসা। ভ্যানে করে পানি নিয়ে বিক্রি করছেন বিক্রেতারা। প্রতি কলস ১০ থেকে ১৫ টাকা এবং জারে (গ্যালন) ৮ থেকে ১২ টাকায় পানি বিক্রি করছেন বিক্রেতারা।
ধোলাইখাল এলাকায় পানি বিক্রেতা রইস মোল্লা জানান, বিভিন্ন এলাকায় পানি বিক্রি করে দিনে ৩ থেকে ৪ শ' টাকা আয় হচ্ছে তার।
কলতাবাজারের রিপন বেগ জানান, প্রতি কলস বা গ্যালন পানি ১০ থেকে ১৫ টাকায় কিনতে হচ্ছে তাকে।
ওয়াসার বক্তব্য
ওয়াসা চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা গত বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর বর্তমান পানি সমস্যা নিরসনে ওয়াসার সঙ্গে সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমানে রাজধানীতে ২২০ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকলে ১৯০ কোটি লিটার পানি উৎপাদন করতে পারে ওয়াসা।
তবে বিদ্যুৎ সমস্যা থাকায় পানি উৎপাদনে সমস্যা হচ্ছে বলে জানান ওয়াসা চেয়ারম্যান।
বৃষ্টি শুরু হলে আগামী এক মাসের মধ্যে পানি সমস্যা অনেকাংশে চলে যাবে, বলেন তিনি।
ঢাকা ওয়াসার অধীনে নারায়ণগঞ্জের একটিসহ মোট ১০টি জোন অফিসে ৫৪৬টি পাম্প রয়েছে। এগুলোর মধ্যে ২৯৩টি পাস্প জেনারেটরে চলছে। ৮০টি পাম্প বিদ্যুতের বিকল্প সংযোগ দিয়ে চালানো হচ্ছে।
বাকি ২০০ পাম্প আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে জেনারেটরের মাধ্যমে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন গোলাম মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৩৫ ঘ.
bdnews24