মেহেরপুর, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গম কাটাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
উপজেলার রশিকপুর গ্রামের দুটি দলের মধ্যে সংঘর্ষের সময় কাবিরুল ইসলাম নামের এই বিএনপিকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কাবিরুল ইসলাম গ্রামের আরশেদ আলীর ছেলে।
সংঘর্ষে ইয়াসিন, কুদ্দুস, পাকসার, ফিয়াজ, হারুন, ময়েন আলীসহ উভয়দলের সাতজন আহত হয়েছে।
এদের মধ্যে চারজনকে রাজশাহী ও ঢাকায় পাঠানো হয়েছে।
মুজিবনগর পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রশিকপুর গ্রামে বিএনপি সমর্থক সুরুজ গ্র"পের লোকজন তাদের জমির ফসল কাটতে গেলে আওয়ামী লীগ সমর্থক কুদ্দুসের লোকজন বাধা দেয়।
এই নিয়ে দুপক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মুজিবনগর থানার ওসি জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ পাঠানো হয়েছে মেহেরপুর সদর হাসপাতাল মর্গে।
পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, পুলিশের খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাপরিদর্শক সিদ্দীকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। চুয়াডাঙ্গা থেকেও পুলিশ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৭ ঘ.
bdnews24