২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজারা নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

পুকুর ইজারা নিয়ে বিরোধের জেরে সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পঞ্চগড় শহরে সংগঠনটির এক নেতা নিহত হয়েছেন।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 02:10 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

পঞ্চগড়, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুকুর ইজারা নিয়ে বিরোধের জেরে সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পঞ্চগড় শহরে সংগঠনটির এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পঞ্চগড় শহরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (১৮) মারা যান বলে পুলিশ জানিয়েছে। ফারুকের ভাই ফরিদ হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে তার ভাইয়ের ওপর হামলা হয়েছে। তবে দলটির নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ফারুক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক দুপুর থেকে অবরোধ করে রেখেছে। রাত ৭টা পর্যন্ত অবরোধ চলছিল। শহরে উত্তেজনা বিরাজ করায় বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সদর থানার ওসি মো. জমিরউদ্দিন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী শহরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল ইসলামকে মারধর করে। এ খবর শুনে শহরের মিঠাপুকুর (তেঁতুলিয়া বাসস্ট্যান্ড) এলাকার ছাত্রলীগের নেতাকর্মীরা জুয়েলকে উদ্ধার করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন ফারুক। তাকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ফারুক পঞ্চগড় জেলা প্রশাসকের গাড়িচালক আলী আকবরের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বাহারাম আলী সাংবাদিকদের জানান, ছুরিকাঘাতে ফারুকের ফুসফুস কেটে গেছে। এ জন্যই তার মৃত্যু হয়েছে। ফারুক নিহত হওয়ার খবর শুনে ক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমানের বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে। তারা দুপুর দেড়টা থেকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। এতে এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, সংঘর্ষে ছাত্রলীগ কর্মী সুজন, লিটন, যুবলীগ কর্মী আমিনুরসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে সুজন রংপুর মেডিকেলে এবং লিটন ও আমিনুর ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর আগে জুয়েলকে মারধরের জের ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে মিঠাপুকুর এলাকার ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলীকে লাঞ্ছিত করে। বাসস্ট্যান্ড এলাকায় জেলা আওয়ামী লীগের যুব সম্পাদক হারুন অর রশিদ সেলিম লাঞ্ছিত করে তারা। নিহত ফারুকের ভাই ফরিদ হোসেন "জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমানের নেতৃত্বে আমার ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।" তিনি তার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। আবু তোয়াব অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি ঘটনাস্থলে ছিলাম না।" ছাত্রলীগ নেতা জুয়েল ইসলাম অভিযোগ করেন, শহরের মনোহর দীঘির দরপত্র জমা নিয়ে ইউএনও কার্যালয় এলাকায় তাকে ডেকে নিয়ে মারধর করে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, কর্মী স্বাধীন ও আমিনুর। তিনি বলেন, "আমাকে উদ্ধার করতে এলে তারা ফারুককে ছুরি মারে।" দরপত্র জমা দেওয়ায় ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা আবু তোয়াবুর রহমান, জুলফিকার আলী ও হারুন অর রশিদ সেলিমের ইন্ধনে এই হামলা হয়েছে বলে জুয়েল অভিযোগ করেন। জুয়েল আরো অভিযোগ করেন, এই নেতারা গোপনে সিন্ডিকেট করে দরপত্র নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। তবে আওয়ামী লীগ নেতা জুলফিকার ও হারুন এসব অভিযোগ অস্বীকার করেছেন। ইউএনও জিয়াউল হক সাংবাদিকদের বলেন, "আমার অফিসে কোন কিছু ঘটেনি। বাইরে গণ্ডগোল হয়েছে বলে শুনেছি। তবে কে বা কারা গণ্ডগোল করেছে তা জানি না।" পঞ্চগড় সদর থানার ওসি মো. জমিরউদ্দিন বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে। এদিকে, সদর হাসপাতাল মর্গে ফারুকের লাশের ময়না তদন্ত হয়েছে। রাত ৯টায় মিঠাপুকুর গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। ফারুকের মরদেহ শহরের মিঠাপুকুরের বাসায় নিয়ে আসার পর পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। তার মা একাধিকবার জ্ঞান হারান। জ্ঞান ফিরে এলেই তিনি 'ফারুক কই, ফারুক কই' বলে আহাজারি করতে থাকেন। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফারুকদের বাড়িতে ভিড় জমায় শোকার্ত প্রতিবেশীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.