ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নারী শিক্ষকরা যাতে উচ্চপদস্থদের মাধ্যমে হয়রানি ও নির্যাতনের শিকার না হন তা নিশ্চিত করতে শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন দোলনের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
পাশাপাশি কাউকে বোরকা বা পর্দা ব্যবহারে বাধ্য না করে বিষয়টি যেন সংশ্লিষ্টদের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয় বলে আদালত অভিমত দিয়েছে।
যৌন হয়রানি রোধে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নীতিমালা প্রণয়নেরও নির্দেশ দেয় আদালত।
গত বছরের ২৬ জুন একটি পত্রিকায় কুড়িগ্রাম সদরের শিক্ষা কর্মকর্তা মীর আরিফ আহমেদ স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আরজুমান আরা বোরকা না পরায় তার সঙ্গে অশালীন আচরণ করেন বলে প্রতিবেদন প্রকাশ হয়।
এরপর ২৮ জুন অ্যাটর্নি জেনারেল প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন। ওইদিনই সালাহউদ্দিন রিট আবেদন করলে আদালত রুল জারি করে। রিটটির ওপর সালাহউদ্দিন নিজেই শুনানি করেন।
পরে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রিট আবেদনটিতে পক্ষভুক্ত হয়।
ব্যারিস্টার সারা হোসেন ব্লাস্টের পক্ষে শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/১৮৪৬ ঘ.
bdnews24