গাইবান্ধা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক শ্রমিকদের দুটি পক্ষ এক স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করায় বৃহস্পতিবার গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চত্বরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেন প্রশাসন।
এ কারণে সকালে পাউবো জাতীয় শ্রমিক কর্মচারী লীগ ও পাউবো শ্রমিক কর্মচারী লীগ- কোনো পক্ষই সভা করতে পারেনি। সকাল ৯টায় তারা সভার কর্মসূচি দিয়েছিলো। কিন্তু সকাল থেকেই সেখানে পুলিশ অবস্থান নিয়ে কাউকে সভা বরতে দেয়নি।
গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন সাংবাদিকদের বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়।
আগামী ১৫ এপ্রিল গাইবান্ধা পাউবোর সিবিএ নির্বাচন হবে। সে নিয়েই সংগঠন দুটি সভা আহ্বান করে। দুই পক্ষই দাবি করছে, তারাই আগে সভার কর্মসূচি ঘোষণা করে।
জাতীয় শ্রমিক কর্মচারী লীগ জেলা শাখার সম্পাদক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "আমরা প্রথম সমাবেশ আহবান করি। আমাদের সমাবেশ পণ্ড করতে তারা (অপর অংশ) ঈর্ষান্বিতভাবে সমাবেশ ডাকে।"
অন্যদিকে বাংলাদেশ শ্রমিক কর্মচারী লীগ জেলা শাখার সম্পাদক সুলতান আহমেদ বলেন, "সমাবেশের পরিকল্পনা আমরাই আগে করি। এ খবর শুনে তারা সমাবেশের ঘোষণা দেয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪০ ঘ.
bdnews24